যন্ত্রনগরে প্রাণের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্কের ছাতার নিচে বসে আছে কয়েকজন তরুণী। পাশে খেলছে শিশুরা। ছবিটি সম্প্রতি খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার গোলচক্কর পার্ক থেকে তোলা l প্রথম আলো
পার্কের ছাতার নিচে বসে আছে কয়েকজন তরুণী। পাশে খেলছে শিশুরা। ছবিটি সম্প্রতি খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার গোলচক্কর পার্ক থেকে তোলা l প্রথম আলো

বেলা সাড়ে তিনটার আগেই চৌধুরীপাড়ার গোলচক্কর পার্কের গেটে হাজির খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানিম ও তৌহিদুল। গেট খোলার অপেক্ষায় তারা। বাসার আশপাশে খেলার জায়গা নেই। তাই তারা দুজন প্রতিদিন এই পার্কে খেলতে আসে।
কেবল তানিম ও তৌহিদুল নয়, ছয় বছরের মিথিলা, অনন্যা ও আঁখিরাও এই পার্কে নিয়মিত খেলতে আসে। এই পার্কে শিশুরা আসে খেলতে আর বয়স্করা আসেন হাঁটতে।
সম্প্রতি পার্কে কথা হয় সুফিয়া খাতুনের (৬০) সঙ্গে। তিনি প্রতিদিন বিকেলে এই পার্কে আসেন। তিনি বলেন, ‘প্রতিদিন আসি, একটা ঘুরান দিয়া যাই।’
খেলার মাঠ ও পার্কের অভাবে ঢাকায় শিশুদের বেড়ানোর বা খেলার সুযোগ সীমিত হয়ে এসেছে। বিনোদনের জন্য শিশুরা আশ্রয় নিচ্ছে কম্পিউটার কিংবা টিভির। সেখানে খিলগাঁও এলাকার শিশুরা সৌভাগ্যবান। তারা খেলার সুযোগ পাচ্ছে খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদসংলগ্ন এই পার্কে। পার্কটি যেন এলাকায় মানুষের জন্য প্রাণের ছোঁয়া।
২০০৫ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় পার্কটি তৈরি করা হয়। দুই বিঘা জমির ওপর তৈরি করা পার্কটি বর্তমানে দেখাশোনা করে চৌধুরীপাড়া গ্রিন সোসাইটি নামের একটি সংগঠন।
গ্রিন সোসাইটির সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, ২০১৪ সাল থেকে তাঁরা পার্কটি দেখাশোনা করে আসছেন। চালু হওয়ার পর থেকে কেউ দায়িত্ব নিয়ে পার্কটির দেখাশোনা করেনি। ফলে পার্কটি একপর্যায়ে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। নিজের ও এলাকাবাসীর সন্তানদের কথা ভেবে তাঁরা অল্প কয়েকজন মিলে পার্কটির সংস্কারকাজ শুরু করেন। গ্রিন সোসাইটির সদস্য ও শুভানুধ্যায়ীদের চাঁদায় এখন পার্কটি দেখাশোনা করা হয়। পার্কটি প্রতিদিন ভোর থেকে সকাল সাড়ে ১০টা এবং বেলা সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
চৌধুরীপাড়া গ্রিন সোসাইটির কার্যকরী সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, পার্কটি সবার জন্য উন্মুক্ত। এখানে এলাকার মানুষ তো আসেই, দূর থেকেও মানুষ বেড়াতে আসে। সকাল ও বিকেলে হাঁটা, শরীরচর্চার কাজ করে তারা। নির্মল বাতাসে আড্ডা দিয়ে সময় কাটায় অনেকে।
কমিটির সদস্য মো. হাকিম বলেন, গ্রিন সোসাইটির সদস্য ৩১৪ জন। কমিটির সদস্যরা নিয়মিত চাঁদা দিয়ে পার্কের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের কাজ করেন। এলাকার গণ্যমান্য লোকজনও পার্কের উন্নয়নে অনুদান দেন। তাঁরা পার্কের ভেতরে দুটি শৌচাগার তৈরির জন্য, টাইলস বসানোর জন্য টাকা দিয়েছেন। এভাবে এলাকাবাসীর সহযোগিতায় পার্কটি চলছে।
পার্কের তত্ত্বাবধান ও নিরাপত্তারক্ষীর কাজ করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, পার্কটিতে আগে কোনো তত্ত্বাবধায়ক ছিলেন না। বাজে ছেলেরা আসত। আড্ডা দিত, মাদক সেবন করত আর ছিনতাই করত। এখন এলাকাবাসী ও কমিটি মিলে পার্কটি দেখাশোনার কাজ করায় তারা আসতে পারে না। এলাকাবাসী নিরাপদে এখানে আসতে ও ঘুরতে পারে।
পার্কের মাঠে সবুজ ঘাস এবং চারপাশে বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে। বসার জন্য দুটি ছাউনি আছে। একটি বড় ছাতার নিচে বসার জায়গা আছে, যেখানে বসতে পারে কয়েকজন। পার্কে আছে শিশুদের খেলার বিভিন্ন উপকরণ। পার্কে কথা হয় আঁখি আক্তার, সৃষ্টি মণি ও রুমানা আক্তারের সঙ্গে। তারা খিলগাঁওয়ের বিভিন্ন স্কুলে পড়ে। মাঝেমধ্যে এই পার্কে ঘুরতে আসে। তারা বলে, এখানে কারও কাছ থেকে কোনো ধরনের কটূক্তি বা বাজে মন্তব্য শুনতে হয় না। এখানে কাউকে হয়রানি করা হয় না। তাই তারা নিরাপদ বোধ করে।