যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট এবং ভিসা (এমআরপি ও এমআরভি) তৈরি সংক্রান্ত নথিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। কাজটি করছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান আইরিশ করপোরেশন। প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবারে কাজ পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এরপর শিগগিরই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে। এদিকে কাজ দেওয়ার ক্ষেত্রে মূল্যায়ন কমিটির সুপারিশে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ে অভিযোগ করেছে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠান ওবারথার টেকনোলজিস। জানা গেছে, যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট এবং ভিসা তৈরির প্রকল্পের জন্য ৩২টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও শেষ পর্যন্ত মোট আটটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মূল্যায়ন কমিটি এর মধ্যে চারটিকে প্রাথমিকভাবে বাছাই করে। আইরিশ করপোরেশন, ফ্লোরা টেলিকম ও ওবারথার ছাড়া অন্য কোম্পানি হলো বিজেঅ্যান্ডসি সিকিউরিটি প্রিন্টিং কোম্পানি। মূল্যায়ন কমিটি প্রথম দফা প্রতিবেদনে আইরিশ করপোরেশন এবং ফ্লোরা টেলিকমকে কাজ দেওয়ার সুপারিশ করে। পরবর্তীকালে আইরিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে মূল্যায়ন কমিটি দ্বিতীয় প্রতিবেদনে শুধু ফ্লোরার নাম রাখা হয়। পরে আইরিশ তাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয় বলে একটি প্রতিবেদন জমা দিলে আবার আইরিশকে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন কমিটি। তুরস্কের ই-পাসপোর্ট প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সব সরকারি কাজে অংশ নেওয়া থেকে আইরিশকে নিষিদ্ধ করে রেখেছে। এরপর ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ১৪ জানুয়ারি আইরিশ করপোরেশনকে প্রকল্পের কাজ করার অনুমতি দেয়। এরপর ওবারথার গত ৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের কেন্দ্রীয় ক্রয়-সংক্রান্ত কারিগরি ইউনিটের কাছে মূল্যায়ন কমিটি পক্ষপাতিত্ব করেছে বলে লিখিত অভিযোগ করে। মূল্যায়ন কমিটির প্রধান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত। সূত্র জানায়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অভিযোগের ব্যাপারে প্রকল্প পরিচালককে হাজির হয়ে জবাব দিতে বলা হলে তিনি গত ২৬ জানুয়ারি এর জবাব দেন। জানতে চাইলে রেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কারিগরি কমিটি যা যা জানতে চেয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। দরপত্র মূল্যায়ন কমিটি কারও পক্ষে অংশ নেয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়েই মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’ফ্লোরা টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম জানান, তাঁরাও পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানাবেন। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় তিন বছরে ৬৬ লাখ পাসপোর্ট ও ১৫ লাখ ভিসা স্টিকার নেওয়া হবে। তিন বছরের জন্য এ খাতে ৫২৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে।