প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজে ছয় কোটি টাকার ভারী যন্ত্রপাতি কেনা নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল এই তদন্তকাজ শুরু করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি, ইউরোলজি, নেফ্রোলজিসহ বিভিন্ন বিভাগের যন্ত্রপাতি কেনার কাজ সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে দেওয়া হয় সর্বোচ্চ দরদাতাকে। কয়েকটি বিভাগে ইতিমধ্যে প্রায় চার কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।এই অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ ও ভান্ডার) আবুল বাসার মো. খসরুকে প্রধান করে তিন সদস্যের তদন্তকমিটি গঠন করা হয়। গতকাল এই কমিটি মেডিকেল কলেজের উপাধ্যক্ষের কার্যালয় থেকে তদন্তকাজ শুরু করে। আবুল বাসার মো. খসরু বলেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।’