যন্ত্রপাতি, চিকিৎসক ও নার্স-সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে এক বছরের বেশি সময় ধরে। একমাত্র আল্ট্রাসনো মেশিনও নষ্ট ছয় মাস ধরে। উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য এখানে চিকিৎসক আছেন মাত্র চারজন। এভাবে নানা সমস্যায় ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালটির কার্যক্রম।
সরেজমিনে ৭ নভেম্বর বিকেলে হাসপাতালটিতে গেলে সেখানে কোনো চিকিৎসককেই পাওয়া যায়নি। জরুরি বিভাগে এক রোগীর পায়ের সেলাই খুলছিলেন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তিনি বলেন, জরুরি বিভাগে এখন দায়িত্ব পালনের কথা চিকিৎসক সানজিদা ফেরদৌসের। তিনি নিজের বাসভবনে অবস্থান করছেন। গুরুতর কোনো রোগী এলে ফোন দিলেই তিনি চলে আসবেন।
হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ড ঘুরে দেখা যায়, দুই ওয়ার্ড মিলিয়ে মাত্র একজন নার্স দায়িত্ব পালন করছেন। সাজেরা খাতুন নামের ওই নার্স বলেন, ‘এই হাসপাতালে আমরা মাত্র চারজন নার্স কাজ করি। পালাক্রমে ছুটি কাটানোয় অনেক সময় একজন নার্সকেই দুটি ওয়ার্ডের কাজ করতে হয়। এতে রোগীদের যেমন সমস্যা হয়, আমাদেরও কষ্ট করতে হয়।’
হাসপাতালের সামনে কথা হয় এক রোগীর স্বজন নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘গাছ থেকে পড়ে গিয়ে আমার ছেলের পা ভেঙেছে। হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট। তাই বাইরে থেকে ৩০০ টাকা দিয়ে ছেলের পায়ের এক্স-রে করিয়ে আনলাম।’
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাস থেকে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিন অকেজো। প্রায় ১৫ মাস হতে চললেও এখনো সেটি মেরামত বা নতুন মেশিন প্রতিস্থাপন করা হয়নি। এ অবস্থায় সরকারি হাসপাতালে এক্স-রে করাতে একজন রোগীর যেখানে ১০০-১৫০ টাকা খরচ হয়, সেখানে বাইরে থেকে করাতে ব্যয় হচ্ছে ৩০০-৩৫০ টাকা। একমাত্র আল্ট্রাসনো মেশিনটি নষ্ট হয়ে যায় গত ২০ জুন। তারপর থেকে রোগীদের বাইরে থেকে আল্ট্রাসনো করাতে হচ্ছে। এতে খরচ পড়ছে ২০০ থেকে ৫০০ টাকা। অথচ হাসপাতালের মেশিনটি ভালো থাকলে ব্যয় হতো ১১০ থেকে ২২০ টাকা।
৩১ শয্যার হাসপাতালটিতে ১৫ জন চিকিৎসকের পদ থাকলেও কাগজে-কলমে বর্তমানে আছেন মাত্র চারজন। তাঁদের মধ্যে আবার আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রায়ই দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। এর ফলে মূলত তিনজন চিকিৎসক দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। চিকিৎসকদের মধ্যে কেউ ছুটিতে গেলে এই সংকট আরও বাড়ে। অবেদনবিদ না থাকায় প্রসূতির অস্ত্রোপচারসহ বড় ধরনের কোনো অস্ত্রোপচারই হয় না এখানে। চিকিৎসকের সংকটের কারণে অনেক সময় জরুরি বিভাগে স্বাস্থ্য সহকারীরাই দায়িত্ব পালন করেন। নার্সের ১৩টির মধ্যে ৯টি পদই শূন্য। হাসপাতালটিতে শিশু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ডও নেই। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করতে ২০১০ সালে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১৯ শয্যাবিশিষ্ট নতুন একটি ভবনের নির্মাণকাজ শুরু হয়। চার বছর আগে নির্মাণ শেষে ঠিকাদার ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলেও জনবল ও যন্ত্রপাতি-সংকটে এখনো ৫০ শয্যার কার্যক্রম চালু হয়নি।
আরএমও অমিত কুমার বলেন, ‘চিকিৎসক, নার্স আর যন্ত্রপাতির সংকটে রোগীদের চিকিৎসা দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। প্রশিক্ষণ, দাপ্তরিক কাজ কিংবা চিকিৎসকেরা ছুটিতে থাকলে অনেক সময় এমন হয় যে হাসপাতালে কোনো চিকিৎসকই থাকেন না।’
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, এখানে ন্যূনতম সাত-আটজন চিকিৎসকের প্রয়োজন। আর এই চাহিদার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানোও হয়েছে। এক্স-রে ও আল্ট্রাসনো মেশিন মেরামত কিংবা নতুন করে দেওয়ার জন্য আবেদন করা হলেও বরাদ্দ আসেনি।
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, জেলার হাসপাতালগুলোর জনবল-সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল যন্ত্রপাতির বিষয়েও কর্তৃপক্ষ অবগত। বরাদ্দ না পাওয়ায় এসব সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।