যন্ত্রপাতি চুরি, বারতাকিয়া রেলস্টেশন বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারতাকিয়া রেলস্টেশনের সিগন্যালিং যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে। ১৯৬৫ সালে জার্মানি থেকে আমদানি করা ওই সব যন্ত্রপাতি এখন আর তৈরিই করে না উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। যন্ত্রপাতি চুরি রোধ করা না গেলে স্টেশনটি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগও হুমকির মুখে পড়তে পারে।চট্টগ্রাম রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) শিবানন্দ চক্রবর্তী জানান, চট্টগ্রাম বিভাগের ৩৪টি স্টেশনের মধ্যে মিরসরাইয়ের বারতাকিয়া ও মিরসরাই স্টেশনের সিগন্যালিং যন্ত্রপাতি চুরি হয়। এ কারণে ইতিমধ্যে মিরসরাই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ হুমকির মুখে পড়বে বলে বারতাকিয়া স্টেশনটি বন্ধ করা যাচ্ছে না । বারতাকিয়া রেলস্টেশনের ট্রাফিক দুলাল চন্দ্র দে জানান, প্রতিদিন আউটার সিগন্যালে গিয়ে ১৫টি ট্রেন স্টেশন পার করতে হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে এর পরও ভুল হতে পারে। দেড় মাস আগে সিগন্যালিংয়ের যন্ত্রপাতি চুরি হওয়ায় তাঁকে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে ট্রেনগুলোকে স্টেশন পার করে দিতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘চুরি কারা করে এটা তদন্ত না করে পুলিশ রেলওয়ের নিরীহ কর্মচারীদের ওপর খবরদারি করে।’এদিকে চুরি বন্ধ এবং এ বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ৪ জুলাই বারতাকিয়া রেলস্টেশনে এক সভার আয়োজন করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। সভায় যন্ত্রপাতি চুরি বন্ধে একযোগে কাজ করার ঘোষণা দেওয়া হয়। মো. গিয়াস উদ্দীন জানান, রেলওয়ের যন্ত্রপাতি চুরির জন্য মাদকসেবীরা দায়ী।