যন্ত্রপাতি নষ্ট দুই মাস ধরে, প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের যন্ত্রপাতিগুলো দুই মাস ধরে বিকল। এতে হাসপাতালে প্রসূতি অস্ত্রোপাচার কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রসূতি রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তাঁরা কম খরচে অস্ত্রোপচার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রসূতি অস্ত্রোপচারের কাজে ব্যবহূত জেনারেল এনেসথেসিয়ার যন্ত্র এবং ডায়াথারমির যন্ত্র বিকল রয়েছে। এগুলো মেরামত না করায় এখানে প্রসূতি অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কলাদি গ্রামের দুজন প্রসূতি রোগী জানান, অস্ত্রোপচারের যন্ত্রপাতি নষ্ট থাকায় কিছু দিন আগে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অস্ত্রোপচার করাতে পারেননি। পরে চাঁদপুরের একটি বেসরকারি ক্লিনিকে মোটা অঙ্কের টাকা ব্যয়ে অস্ত্রোপচার করিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসহাক মিয়া জানান, এক সপ্তাহ আগে স্থানীয় আইসিডিডিআরবির সহায়তায় মেরামতের জন্য এসব যন্ত্রপাতি ঢাকায় পাঠানো হয়েছে। কবে নাগাদ এগুলো মেরামত করা হবে, তাও বলা যাচ্ছে না।