যন্ত্রপাতি নষ্ট, রোগীদের ছুটতে হয় বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার বেশ কয়েকটি যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। তাই এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষকে নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হয় শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। এতে তাঁদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এনডোসকপি যন্ত্রটি পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে না। যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে। ৪টি আলট্রাসনোগ্রাম যন্ত্রের ৩টি, ১৮টি সাকার যন্ত্রের ১৩টি, ৬টি ইসিজি যন্ত্রের মধ্যে ৩টি, ৫টি অ্যানেসথেসিয়া যন্ত্রের ৪টি, ৪টি কার্ডিয়াক মনিটরের ২টি, ৬টি এক্স-রে মেশিনের মধ্যে ৪টি দীর্ঘদিন ধরে নষ্ট। এ ছাড়া ৩টি অ্যাম্বুলেন্সের ১টি, সিসিইউর ৪টি এসির ২টি ও ১টি বায়োকেমিস্ট অ্যানালাইজার দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে সেবার কাজে আসছে না এসব যন্ত্র। তা ছাড়া বিশেষজ্ঞ না থাকায় প্রায় দুই বছর ধরে ব্যবহার করা হচ্ছে না দুটি ইটিটি ও দুটি ইকোকার্ডিওগ্রাম যন্ত্র।
সদর উপজেলার বাবুলিয়া গ্রামের সুরত আলী নামের এক বাসিন্দা বলেন, সদর হাসপাতালের মেশিন নষ্ট। তাই চিকিৎসক বাইরে থেকে কয়েকটা পরীক্ষা করাতে বলেছে। সদর হাসপাতালে এসব পরীক্ষা করাতে লাগত ১ হাজার ২০০ টাকা। কিন্তু বাইরের ডায়াগনস্টিক সেন্টারে সর্বনিম্ন খরচ ২ হাজার ৫০০ টাকা।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহরের আবদুল আহাদ নামের এক ব্যক্তি। চিকিৎসক তাঁকে ইসিজি, ইকো ও ইটিটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি এ ৩টি পরীক্ষা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়েছেন ২ হাজার ২৫০ টাকায়।
সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে যখন এ তিনটি পরীক্ষা করা হতো, তখন খরচ হতো মাত্র ৭০০ টাকা।
সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আসাদুজ্জামান বলেন, এনডোসকপি যন্ত্রটি কয়েক বছর আগে এ হাসপাতালে সরবরাহ করা হয়। তৎকালীন মেডিসিন বিশেষজ্ঞ দিয়ে এটি প্রাথমিকভাবে চালু করা হয়। কিন্তু হাসপাতালের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞর পদ না থাকায় মেশিনটি সেই থেকে পড়ে রয়েছে। এত দিনে নষ্ট হয়ে গেছে।
জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নুর খান বলেন, ১০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন অন্তত ২৫০ রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী আসে। তাদের নানা পরীক্ষা দেওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতির বেশির ভাগই যত্ন ও ব্যবহারের অভাবে বিকল হয়ে গেছে। এ কারণে রোগীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তাদের হাসপাতালের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে।
জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুল ইসলাম চিকিৎসা যন্ত্রপাতি বিকল হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন তহিদুর রহমান বলেন, সদর হাসপাতালটি ১০০ শয্যার হলেও চিকিৎসকের পদ রয়েছে ৫০ শয্যার হাসপাতালের মতো। বর্তমানে ২৭টি পদের মধ্যে ১১টি শূন্য রয়েছে। তিনি আরও বলেন, তিনি গত ১৩ মার্চ এখান যোগ দিয়েছেন। এসেই তিনি জানার চেষ্টা করেছেন, কোথায় কী সমস্যা রয়েছে। শিগগিরই বিদ্যমান সমস্যা সমাধানে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।