যন্ত্রপাতি পাচারকালে ধরা পড়লেন প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) এক সহকারী প্রকৌশলী কারখানা থেকে যন্ত্রপাতি পাচারকালে হাতেনাতে ধরা পড়েছেন।
গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ তাঁকে এ ঘটনার দায়ে সাময়িকভাবে বহিষ্কার করেছে। জানা গেছে, শনিবার দুপুরে সিইউএফএল থেকে কাজ শেষে বাসায় ফেরার সময় ফটকে কর্মরত নিরাপত্তাকর্মীরা কারখানার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবলুর রহমান মোল্লার কাছ থেকে ম্যাগনেটিক্যাল কন্ডাকটার নামে একটি যন্ত্র উদ্ধার করেন। কারখানার ভেতর থেকে তিনি থলেতে করে এটি বাইরে নিয়ে যাচ্ছিলেন। পরে তাঁর বাসা থেকে আরও পাঁচ বস্তা বিভিন্ন মালামাল উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনার দায়ে কারখানা কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বহিষ্কার করেছে।
সিইউএফএল সূত্র জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ থাকলেও কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য বিভিন্ন বিভাগ চালু রাখা হয়। আর এ সুযোগে কারখানার কিছু অসাধু কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা দামি যন্ত্রপাতি পাচার ও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। প্রায় সময়ই কারখানার কোনো না কোনো যন্ত্রপাতি চুরি হলেও কখনো কাউকে ধরা যেত না। বৃহস্পতিবার কারখানার ভেতর থেকে থেকে পুল রোপ মেশিন নামের একটি যন্ত্র খোয়া যায়। সর্বশেষ গত শনিবার যন্ত্রাংশসহ ধরা পড়েন সহকারী প্রকৌশলী বাবলুর রহমান মোল্লা। সিইউএফএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন বলেন, কারখানার মালামাল চুরির সঙ্গে রক্ষণাবেক্ষণ শাখার একজন মহাব্যবস্থাপক, সাবেক সিবিএ নেতা ছাড়াও আরও কয়েকজন জড়িত আছেন।