যন্ত্রপাতি বসার পর এক বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিজিটাল নিয়ন্ত্রণকক্ষ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু কিছু ত্রুটি থাকায় এসব যন্ত্রপাতি গ্রহণের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে ৬১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ নিয়ন্ত্রণকক্ষ আনুষ্ঠানিকভাবে চালু করা যাচ্ছে না।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, যন্ত্রপাতিতে কিছু সমস্যা আছে। এগুলো সমাধানের পর সেটি গ্রহণ করা হবে।জানা যায়, পুলিশের কাজকে সহজ ও গতিশীল করতে ১৯৯৮ সালে ‘ঢাকা মহানগর পুলিশ নিয়ন্ত্রণকক্ষের আধুনিকায়ন প্রকল্প’ অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৮ কোটি আট লাখ টাকা, পরে তা বেড়ে হয় ৬১ কোটি ৪১ লাখ টাকা। প্রকল্পের মধ্যে রয়েছে, নগরের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন ও কেন্দ্রীয়ভাবে অপরাধ ও ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণ, ট্রাফিক ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যানজট পরিস্থিতি জানানো এবং পুলিশের বেতার যোগাযোগ ডিজিটাল করা। প্রকল্পের অংশ হিসেবে গত বছর ঢাকার গুরুত্বপূর্ণ ৫৯টি মোড় ও প্রবেশমুখে ১৫৫টি সিসি ক্যামেরা ও ৩১টি ট্রাফিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়। আবদুল গণি রোডে স্থাপন করা হয় (কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন) নিয়ন্ত্রণকক্ষ।সূত্র জানায়, প্রকল্পের অংশ হিসেবে পুলিশকে দেওয়া হয় এক হাজার ২৩টি আধুনিক টেটরা পদ্ধতির (টেরিস্ট্রিয়াল ট্রাংকড রেডিও) রেডিও। থানা পুলিশের ৩০টি টহলগাড়িতে লাগানো হয় স্বয়ংক্রিয় যান শনাক্তকরণ যন্ত্রপাতি। এতে নিয়ন্ত্রণকক্ষে বসেই ওই গাড়িগুলোর অবস্থান জানা সম্ভব। এই দুটি প্রযুক্তি প্রায় দেড় বছর পুলিশ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর গত মার্চ মাস থেকে বন্ধ করা হয়েছে।সূত্র জানায়, চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রণকক্ষ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি পুলিশ গ্রহণ করার পর থেকে দুই বছর পর্যন্ত এগুলো সচল রাখবে ঠিকাদারি প্রতিষ্ঠান। যন্ত্রপাতিগুলোর ওয়ারেন্টিও দুই বছরের।পুলিশ কর্মকর্তারা জানান, প্রকল্পটি পুরো চালু হলে আবদুল গণি রোডের নিয়ন্ত্রণকক্ষের ৩৫টি পর্দায় নগরের ৫৯টি স্থানের অবস্থা সার্বক্ষণিক দেখা যাবে। সেসব দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া যাবে। নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা একই সঙ্গে এক বা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন। নগরের কোথাও গোলযোগ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত এখানে বসেই নিয়ন্ত্রণ করা যাবে।সূত্র জানায়, ফলেক কমিউনিকেশন্স নামের ব্রুনাইভিত্তিক একটি প্রতিষ্ঠান এসব যন্ত্রপাতি স্থাপন করে। কাজ শেষে এগুলো হস্তান্তরের জন্য প্রতিষ্ঠানটি ২০১০ সালের ফেব্রুয়ারিতে পুলিশকে চিঠি দেয়। এরপর পুলিশের কারিগরি কমিটি দুই দফা প্রকল্প পরিদর্শন করে বেশ কিছু ত্রুটি খুঁজে পায়। এর মধ্যে ক্যামেরা-ডিসপ্লে বোর্ড মাঝেমধ্যে অকেজো থাকা, ভবনের ভেতর ও গলিতে যোগাযোগ যন্ত্রপাতি কাজ না করা উল্লেখযোগ্য।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো ব্যবস্থাটি চলে বেতার তরঙ্গের মাধ্যমে। ক্যামেরাগুলোতেও তারের সংযোগ নেই। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের সময় রাজধানীতে বহুতল ভবন ছিল কম। কিন্তু এখন অনেক সুউচ্চ ভবন হওয়ায় বেতার তরঙ্গ বাধা পাচ্ছে। ফলে অনেক ক্যামেরা নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঝেমধ্যে বিচ্ছিন্ন থাকছে, ওয়্যারলেসও ঠিকমতো কাজ করছে না। এসব সচল করতে ঠিকাদারি প্রতিষ্ঠান বেজ স্টেশন বাড়ানো ও রেডিও-ব্যবস্থার বদলে ফাইবার অপটিক ব্যবহারের পরামর্শ দেয়।জানা যায়, সর্বশেষ গত জানুয়ারিতে এ প্রকল্পের পরিচালক ও পুলিশের সহকারী মহাপরিদর্শক (টেলিকম) এ ওয়াই এম বেলালুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দেন এবং প্রকল্পের বর্তমান অবস্থা উল্লেখ করে এটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের মতামত চান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সব ক্যামেরা ও ডিসপ্লে বোর্ড একসঙ্গে সক্রিয় পাওয়া যাচ্ছে না। তবে আলাদাভাবে পাওয়া যায়। এ জন্য তরঙ্গে বাধা ও বিদ্যুৎ সমস্যার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব সমস্যার কারণে পুলিশ সদর দপ্তর যন্ত্রপাতি গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ মন্ত্রণালয় যন্ত্রপাতির দুই বছরের ওয়ারেন্টি-সুবিধা ও সচল পাওয়া যায়নি এমন যন্ত্রপাতি প্রতিস্থাপন/সচল করার পক্ষে ওয়ারেন্টির আওতায় সরবরাহকারীর অঙ্গীকার নেওয়া সাপেক্ষে প্রস্তাবিত যন্ত্রপাতি গ্রহণে মতামত দেওয়া হয়।জানতে চাইলে এ ওয়াই এম বেলালুর রহমান বলেন, ‘প্রকল্পের প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। এ ছাড়া সব সময় বিদ্যুৎ থাকছে না। এতে কোনো কোনো ক্যামেরা বন্ধ থাকছে। তবে নিয়ন্ত্রণকক্ষসহ যন্ত্রপাতি বুঝে নেওয়া হবে।’