যন্ত্রপাতির অভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। রোগ নির্ণয়ের যন্ত্রপাতি না থাকায় হাসপাতালে আসা রোগীরা দ্বিগুণ টাকা দিয়ে ব্যক্তিমালিকানাধীন হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন।
হাসপাতালের দুজন চিকিৎসক বলেন, ১৯৯২ সালের ১১ জানুয়ারি ২৫০ শয্যাবিশিষ্ট কুমিল্লা আধুনিক হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ওই হাসপাতালকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে নামকরণ করা হয়। ২০০৭ সালে এই হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০০-তে উন্নীত করা হয়। এই হাসপাতালে গড়ে প্রতিদিন ৮০০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নেন দুই হাজারের বেশি রোগী।
হাসপাতালের প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ও ২০০৫ সালে দুটি ৫০০ এমএ এক্স-রে মেশিন এই হাসপাতালে বসানো হয়। বর্তমানে ওই মেশিন দুটি অচল রয়েছে। ২০০৬ সালের সেপ্টেম্বরে সিটি স্ক্যান মেশিন বসানো হয়। ওই মেশিনও তিন বছর আগে নষ্ট হয়ে গেছে। ২০০৭ সালে বসানো এমআরআই মেশিন থেকেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। ফিল্ম না থাকায় ওই মেশিন অচল।
১৫ অক্টোবর রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার নাসির উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাঁর স্বজন জহির উদ্দিন বলেন, নাসির উদ্দিনের এক্স-রে করা দরকার। কিন্তু যন্ত্রপাতি না থাকায় এখানে কোনো পরীক্ষা করা যাচ্ছে না। বাইরে থেকে অনেক টাকা দিয়ে পরীক্ষা করাতে হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডের রোগী ফজলুল হক বলেন, হাসপাতালের কয়েকজন কর্মচারী মিলে বাইরে একটি প্রাইভেট ক্লিনিকে সিটি স্ক্যান মেশিন বসিয়ে ব্যবসা করছেন। অথচ হাসপাতালের মেশিন ঠিক হচ্ছে না।
হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল বলেন, এই হাসপাতালে এক্স-রে করতে ৮০ থেকে ১৬০ টাকা খরচ হয়। বাইরে খরচ হয় ৩৫০ থেকে ৬০০ টাকা। হাসপাতালে সিটি স্ক্যান করতে লাগে এক হাজার টাকা আর বাইরে তিন হাজার টাকা। বাইরে এমআরআই করতে খরচ হয় ৬ হাজার ৫০০ টাকা। এ পরীক্ষার এই হাসপাতালে লাগে তিন হাজার টাকা।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. আলমগীর আহমেদ বলেন, ২০১৪ সালে এমআরআই মেশিনটি মেরামত করা হয়। কিন্তু ডার্ক ও কনসুল রুমের তাপনিয়ন্ত্রণ-ব্যবস্থা না থাকার কারণে মেশিন চালু করা যাচ্ছে না। ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজারের কাছে যন্ত্রপাতি মেরামতের চিঠি দেওয়া হয়েছে; কিন্তু কোনো সাড়া মেলেনি। সর্বশেষ চলতি বছরের ৩০ জুলাই এক্স-রে মেশিন ও ১৯ সেপ্টেম্বর সিটি স্ক্যান মেশিন ঠিক করার জন্য চিঠি দেওয়া হয়। বরাদ্দ পেলেই যন্ত্রপাতি মেরামত করা হবে।