কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতির অভাবে বিভিন্ন বিভাগে চিকিত্সাসেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না। বর্তমানে হাসপাতালটিতে সিটি স্ক্যান মেশিন, এমআরআই, ডিজিটাল এক্স-রে, ইকো, ইসিজি এবং কান পরীক্ষার কোনো মেশিন নেই।
এ অবস্থায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের রোগীরা এ হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। যন্ত্রপাতির সংকট থাকায় এখান থেকে ফিরে গিয়ে সেবা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে। এতে তাঁদের খরচ পড়ছে বেশি। গরিব রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কুমিল্লা মেডিকেলের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া রোগী, তাঁদের স্বজন, চিকিত্সক ও নার্সদের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৬ সেপ্টেম্বর হাসপাতালের পরিচালক স্বপন কুমার অধিকারী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে যন্ত্রপাতি বরাদ্দ চেয়ে একটি চাহিদাপত্র দেন। এতে তিনি উল্লেখ করেন, যন্ত্রপাতির অভাবে চিকিত্সাসেবা সুষ্ঠুভাবে হচ্ছে না। এ অবস্থায় একটি সিটি স্ক্যান, একটি এমআরআই, একটি ডিজিটাল ১০০০ অথবা ৫০০ এমএম এক্স-রে, দুটি ইকো, একটি কান পরীক্ষার যন্ত্র ও একটি ইসিজি মেশিন জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হোক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এ হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বসানো হয়। ২০১৪ সালের আগস্টে সেটি কর্মক্ষমতা হারায়। পরে ওই মেশিন মেরামতের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ আসার পর দেখা গেল, এ মেশিন ঠিক করতে ১ কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন। এরপর সিটি স্ক্যান মেশিন ঠিক না করে নতুন মেশিনের জন্য চাহিদাপত্র দেওয়া হয়।
সূত্র জানায়, ২০০৭ সালে স্থাপন করা হয় একটি এমআরআই মেশিন। তিন বছর ধরে ওই মেশিন অচল পড়ে রয়েছে। হাসপাতালের তিনটি সনাতন এক্স-রে মেশিনের মধ্যে দুটি সচল ও একটি অচল। বর্তমানে হাসপাতালে কোনো ডিজিটাল এক্স-রে মেশিন নেই। গত ৩ মে থেকে একমাত্র ইকো মেশিনটিও বিকল হয়ে রয়েছে। কান পরীক্ষার কোনো যন্ত্র নেই। নেই ইসিজি করার যন্ত্রও।
১০ অক্টোবর সকালে সরেজমিনে দেখা গেছে, মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডের সামনের বারান্দায় মেঝেতে বসে চিকিত্সা নিচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার আলী আশরাফ। তিনি ৬ অক্টোবর থেকে এভাবে মেঝেতে শুয়ে চিকিত্সা নিচ্ছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, এখানে পরীক্ষার যন্ত্রপাতি নেই। বাইরে থেকে পরীক্ষা করাতে হবে। কিন্তু তাঁর কাছে সে পরিমাণ টাকা নেই।
৭ অক্টোবর স্ত্রীরোগ বিভাগে মেয়ে লাভলী বেগমকে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে এসেছেন জাহেদা বেগম। তিনি বলেন, এখানকার পরিবেশ নোংরা। তার ওপর পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই।
নাম প্রকাশ না করে হাসপাতালের তিনজন চিকিত্সক প্রথম আলোকে বলেন, একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করাতে লাগে ৩ হাজার ৬০০ টাকা। অথচ সরকারি হাসপাতালে লাগে দুই হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এক্স-রে করাতে লাগে ৬০০ টাকা, সরকারি হাসপাতালে ৭০ টাকা। বেসরকারি হাসপাতালে এমআরআই করাতে লাগে ৬ হাজার ৮০০ টাকা। আর সরকারি হাসপাতালে লাগে তিন হাজার টাকা। কুমিল্লা মেডিকেলে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় গরিব রোগীরা বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক স্বপন কুমার অধিকারী বলেন, যন্ত্রপাতি বরাদ্দ চেয়ে সর্বশেষ ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। এর আগেও বহুবার চিঠি চালাচালি হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।
১৯৯২ সালের ১১ জানুয়ারি কুমিল্লা ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা হয়। পরে ওই হাসপাতালের নাম হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ২০০৮ সালে এই হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হয়। বর্তমানে এখানে প্রতিদিন গড়ে ৮১১ জন রোগী ভর্তি থাকেন।