যন্ত্রপাতির অভাবে চিকিৎসা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বিকল, এক্স-রে মেশিন অচল, জেনারেটর নষ্ট, আর ভবনের অবস্থা জরাজীর্ণ। আর ওই হাসপাতালে নেই আলট্রাসনোগ্রাফি মেশিন, নেই অপারেশন থিয়েটার। তার ওপর প্রসূতিদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এ অবস্থার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৩৩ বছরের পুরোনো ৫০ শয্যার হাসপাতালটি। গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পুরো হাসপাতালের মেঝে নোংরা আবর্জনায় ভরে আছে। দ্বিতলবিশিষ্ট হাসপাতালের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষের ছাদে ফাটল। ওই কক্ষের ছাদের দুটি অংশে বড় আকারের ফাটল রয়েছে। সেখানে বসে রোগী দেখছেন স্বাস্থ্য কর্মকর্তা মো. হারুন অর রশীদ। তাঁর কক্ষে প্রচুর রোগীর ভিড়। এদিন চিকিৎসক কম থাকার কারণে তিনি নিজেই রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন বলে নিশ্চিত করেন। হাসপাতালের মধ্যবর্তী বারান্দার সিঁড়ির নিচে জেনারেটর রয়েছে। ছয় বছর ধরে সেটি বন্ধ রয়েছে। সেখানে মাকড়সা বাসা বেঁধেছে। চিকিৎসকদের অধিকাংশ কক্ষের চেয়ার-টেবিল ফাঁকা দেখা গেছে। তিন মাস ধরে এক্স-রে মেশিনটি নষ্ট। অপারেশন থিয়েটার নেই। নেই কোনো ধরনের টেবিল। যে কারণে আশঙ্কাজনক রোগীদের কোনো ধরনের সেবা প্রদান করা যাচ্ছে না। গর্ভবতী মায়েদের সিজারের কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের প্রধান ফটকের সংযোগ সড়ক নিয়েও রয়েছে জটিলতা। কাগজে-কলমে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ২৭ জন থাকলেও সোমবার দুপুর ১২টায় কর্মস্থলে দেখা গেছে সাতজনকে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, হাসপাতালে চিকিৎসকের ৩১টি পদ রয়েছে। বর্তমানে চারটি পদ শূন্য। এখানে মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট চক্ষুসহ চিকিৎসকের একটি পদ শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১২৪টি পদের মধ্যে ৩৫টি পদই খালি। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্সের চারটি, চিকিৎসা সহকারী চারটি ও স্বাস্থ্য সহকারীর ১৩টি পদসহ বিভিন্ন পদে জনবল শূন্য রয়েছে।হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের নুরুল ইসলাম (৭৫)। তিনি বলেন, ‘চর্মরোগে ভুগছি। তাই নদী পেরিয়ে কাছের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।’দুলালপুর গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম বলেন, ‘গর্ভবতী মায়েদের চিকিৎসার ব্যবস্থা নেই। তাই রোগী নিয়ে কুমিল্লায় যাচ্ছি। এখানে অজ্ঞান (অ্যানেসথেসিয়া) করার ডাক্তার নেই। ভালো ধাত্রীবিশেষজ্ঞ নেই।’স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, হোমনা এলাকার চারপাশে বেসরকারি হাসপাতালও কম। যে কারণে এখানে রোগীর সংখ্যা বেশি। এখানে জরুরি ভিত্তিতে একটি ডিজিটাল এক্স-রে মেশিন দরকার। একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় চিকিৎসাকার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা সিভিল সার্জন মো. আবুল কালাম সিদ্দিক বলেন, প্রতিমাসেই হাসপাতালগুলোর প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত ও উপকরণের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করে থাকি। সেখান থেকে বরাদ্দ এলেই সংকট দূর হবে। চিকিৎসকেরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।