যন্ত্রপাতির অভাবে চিকিৎসাসেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালের রোগনির্ণয়ের বেশির ভাগ যন্ত্রই অচল পড়ে আছে। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নয়টি এক্স-রে যন্ত্রের মধ্যে মাত্র একটি যন্ত্র কোনো রকমে সচল রাখা হয়েছে। বাকি আটটি দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে আছে। হাসপাতালে পাঁচটি ইসিজি যন্ত্রের মধ্যে সবগুলোই অনেক দিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। তিনটি ডেন্টাল ইউনিটের সবগুলোই নষ্ট। এ ছাড়া তিনটি আলট্রাসনোগ্রাম যন্ত্রই অচল।রোগী ও তাঁদের স্বজনেরা জানান, প্রয়োজন হলে তাঁদের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে এক্স-রে, ইসিজি ও আলট্রাসনোগ্রাম করাতে হয়। এতে প্রচুর অর্থ ও সময় নষ্ট হয়। এ কারণে চিকিৎসাসেবাও ব্যাহত হয়। সামর্থ্য থাকলে অনেকে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের ইসিজি যন্ত্র হাসপাতালে এনে পরীক্ষা করান। ডেন্টাল ইউনিট না থাকায় রোগীদের বেসরকারি ক্লিনিকে যাওয়া ছাড়া উপায় থাকে না। আবদুল কাদের নামের রোগীর এক আত্মীয় বলেন, ভালো যন্ত্রে আলট্রাসনোগ্রাম করাতে হলে হাসপাতাল থেকে তিন কিলোমিটার দূরে শহরে যেতে হয়। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি ক্লিনিকে তাঁর আত্মীয়র আলট্রাসনোগ্রাম করিয়েছেন তিনি। তিনি বলেন, শহরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করাতে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগীদের আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হয়। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, যন্ত্রপাতির অভাবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এগুলো মেরামত কিংবা সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, অন্তত একটি করে এক্স-রে, ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র সরবরাহ করা হলেও জরুরি চিকিৎসাসেবা চালানো যেত।আলাউদ্দিন মজুমদার বলেন, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের লাইটগুলোও মেরামত করা জরুরি।