যন্ত্রপাতির অভাবে দুই বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় লোকজনের সুবিধার জন্য দুই বছর আগে নড়াইলে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হয়েছিল। আসবাব, কম্পিউটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় আজও কার্যক্রমও শুরু না হওয়ায় তাঁরা সেবা না পেয়ে উল্টো ভোগান্তি পোহাচ্ছেন। অথচ এখানে নিয়োগ দেওয়া আট কর্মকর্তা-কর্মচারীর বেতন ও ভবন ভাড়া বাবদ সরকারকে প্রতি মাসে এক লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে।
জানা গেছে, ২০১৩ সালের জুলাই থেকে শহরের আলাদাতপুর এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের জন্য তিনতলা একটি ভবন ভাড়া নেওয়া হয়। ওই সময়ই সরকার এই কার্যালয়ে একজন উপসহকারী পরিচালক, সহকারী হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী, রেকর্ড কিপার, এমএলএসএস, নৈশপ্রহরী ও ঝাড়ুদার নিয়োগ দেয়। প্রতি মাসে ঘরভাড়া বাবদ ২২ হাজার, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৬০ হাজারসহ সব মিলিয়ে এই কার্যালয়ের জন্য সরকারের এক লাখ টাকা খরচ হয়। অথচ এখানে এসে স্থানীয় লোকজন কোনো সেবা পাচ্ছেন না। তাঁদের অতিরিক্ত টাকা খরচ ও সময় ব্যয় করে যশোর কার্যালয়ে গিয়ে পাসপোর্ট আনতে হয়।
নতুন কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক রাসেল মিয়া জানান, ২০১২ সালে নড়াইলসহ ৩৩টি জেলায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। নতুন কার্যালয়গুলো থেকে ম্যানুয়ালের (সাধারণ পাসপোর্ট) পরিবর্তে মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহ করবে। এ জন্য নড়াইল কার্যালয়ে রিডেবল পাসপোর্ট মেশিন, চারটি কম্পিউটার, ফিঙ্গার প্রিন্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরের। কিন্তু সেখান থেকে এসব যন্ত্রপাতি সরবরাহ না করায় নড়াইল কার্যালয়ের কার্যক্রম শুরু হয়নি। তাই গত বছরের জুলাই মাস থেকে তাঁদের অলস সময় কাটছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জুন থেকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ পাসপোর্ট সরবরাহের কার্যক্রম শুরু হয়। ওই সময় অফিস চলাকালীন প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি পাসপোর্ট সরবরাহ করা হতো। জনবলসংকটের কারণে ২০১১ সালের ৩১ মার্চ এখানে পাসপোর্ট সরবরাহের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাই পাসপোর্ট আনতে নড়াইলের লোকজনকে এখন যশোর যেতে হচ্ছে।
জানা গেছে, পাসপোর্ট সরবরাহের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদেশ যেতে ইচ্ছুক নড়াইলের বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য (সময় এক মাস) সরকারি ফি তিন হাজার এবং জরুরি ছয় হাজার টাকা। কিন্তু দালালেরা নিচ্ছে স্বাভাবিক সময়ের জন্য পাঁচ হাজার এবং জরুরি নয় হাজার টাকা।
লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের বখতিয়ার রহমান জানান, তিনি একটি জরুরি পাসপোর্ট করতে দালালকে নয় হাজার টাকা দিয়েছেন। একই গ্রামের আল-আমিন জানান, এক মাসের মধ্যে পাসপোর্ট পেতে তিনি দালালকে চার হাজার ৮০০ টাকা দিয়েছেন। এরপর দুদিন যশোর আসা-যাওয়া ও পুলিশ ভেরিফিকেশন নিয়ে আরও প্রায় এক হাজার টাকা খরচ হয়েছে।
বহিরাগমন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রফিকুল ইসলাম জানান, রিডেবল পাসপোর্ট মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বিদেশ থেকে এসব যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে। এগুলো দেশে পৌঁছার পর আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হবে।