যন্ত্রপাতির অভাবে ব্যবহারিক ক্লাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক উপকরণ না থাকায় বিভিন্ন অনুষদের ব্যবহারিক ক্লাস বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ ছাড়া মাৎস্যবিজ্ঞান অনুষদে শিক্ষকের সংকটে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবহারিক যন্ত্রপাতির অভাবে কৃষি অনুষদের মৃত্তিকাবিজ্ঞানের পরীক্ষাগারগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এমনকি ওই বিভাগে নেই কোনো ল্যাব এটেনডেন্ট। এ কারণে ব্যবহারিক ক্লাসে তাত্ত্বিক বিষয়ে আলোচনা হয়।মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যবহারিক যন্ত্রপাতির অভাবে আমরা শিক্ষার্থীদের ক্লাস নিতে পারছি না। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে।’ সহকারী অধ্যাপক আজমুল হুদা জানান, ল্যাব এটেনডেন্ট পদটি শূন্য থাকায় শিক্ষকদের ওই দায়িত্বটি অতিরিক্ত হিসেবে পালন করতে হয়। পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকটের কারণে ফাইল আদান-প্রদান থেকে শুরু করে নিজ উদ্যোগে চা এনে পান করতে হয়।এ ব্যাপারে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রধান মো. আবদুল আজিজ নিজের অসহায়ত্ব তুলে ধরে বলেন, ‘ব্যবহারিক ক্লাসের যন্ত্রপাতি কেনার জন্য অর্থ চেয়ে আমি প্রশাসনের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করছি। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না।’সরেজমিনে দেখা গেছে, মৃত্তিকাবিজ্ঞান ছাড়াও কৃষি অনুষদের অন্যান্য বিভাগেও সুযোগ-সুবিধার চরম অভাব রয়েছে। কৃষি রসায়ন বিভাগ ও প্লান্ট প্যাথলজি বিভাগ ল্যাবরেটরিতে অনেক রাসায়নিক দ্রব্য নেই। কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগেও ব্যবহারিক ক্লাসের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ওই বিভাগগুলোতে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহূত নমুনা না থাকায় শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনা করতে হচ্ছে। কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী পাপিয়া দাস ক্ষোভের সঙ্গে বলেন, ‘ন্যূনতম হাতে-কলমে যতটুকু শেখার দরকার, সেগুলোও আমরা পাচ্ছি না। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ব্যবহারিক জ্ঞান খুবই প্রয়োজন। অথচ দীর্ঘদিন ধরে আমরা ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত।’ মাৎস্যবিজ্ঞান অনুষদের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, অনুষদের একুয়াকালচার, ফিশ টেকনোলজি ও ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগে ব্যবহারিক ক্লাসের সমস্যার পাশাপাশি চলছে চরম শিক্ষকের সংকট। এসব বিভাগের প্রতিটিতে কমপক্ষে তিনজন করে শিক্ষক কর্মরত থাকার কথা থাকলেও মাত্র একজন করে রয়েছেন। এ ছাড়া মাৎস্যবিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে যন্ত্রপাতির সংকট থাকায় এসব বিভাগের শিক্ষার্থীদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ল্যাবরেটরিতে গিয়ে ক্লাস করতে হচ্ছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সৈয়দ মাশেকুল বারী বলেন, ‘মাছ চাষের জন্য কয়েকটি পুকুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকলেও ব্যবহারিক ক্লাসের জন্য তা পর্যাপ্ত নয়। তবে যে কয়টি পুকুর রয়েছে, সেগুলোতে ব্যবহারিক ক্লাস করানোর সদিচ্ছা শিক্ষকদের থাকলেও লোকবল ও যন্ত্রপাতির অভাবে সেটাও বাধাগ্রস্ত হচ্ছে।’এসব সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘মাত্র কয়েক বছর হলো বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে সুযোগ-সুবিধা অনেক কম। বর্তমানে কোনো উন্নয়ন প্রকল্প হাতে না থাকায় ব্যবহারিক ক্লাসের জন্য যন্ত্রপাতি কিনতে অর্থের জোগান দিতে প্রশাসনের সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’