যন্ত্রপাতির কনটেইনারে বিদেশি মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কনটেইনারে আসার কথা শিল্পকারখানার যন্ত্রপাতি। সেই দুই কনটেইনারের একটি খুলে পাওয়া গেল থরে থরে সাজানো বিদেশি মদ। গতকাল মঙ্গলবার বন্দরের জে আর ইয়ার্ডে কনটেইনার খুলে এই চিত্র দেখতে পান শুল্ক বিভাগের কর্মকর্তারা। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, একটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে এক হাজার ৪৮৬ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ১২ থেকে ২৪ বোতল মদ রয়েছে। হুইস্কি, ব্র্যান্ডি, জিন ও ওয়াইন—এই চার ধরনের মদ রয়েছে। এ ছাড়া ৫০ কার্টন বেনসন সিগারেট এবং ২০ কার্টন কোরিয়ান ইজি সিগারেটও পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ৫০০ প্যাকেট সিগারেট রয়েছে। এ ছাড়া দুটি ৭০ ইঞ্চি এলসিডি টিভিও পাওয়া গেছে। অপর কনটেইনারটি আজ বুধবার খোলার কথা রয়েছে।শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের রাজাবাড়ির পলাশপুর এলাকায় অবস্থিত ‘পিম এমএসজি অ্যান্ড কোম্পানি’ মূলধনি যন্ত্রপাতির ঘোষণা দিয়ে দুই কনটেইনার পণ্য আমদানি করে। গত ১১ মার্চ এসব পণ্য বন্দরে নামানো হয়। কিন্তু এক মাসের বেশি সময় পার হওয়ার পরও আমদানিকারক মূলধনি যন্ত্রপাতির কনটেইনার খালাস করার প্রক্রিয়া শুরু না করায় সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, অপর কনটেইনারেও এলইডি টিভি, সিগারেটসহ অবৈধ পণ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।