যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট-ভিসা নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা নিবন্ধন শুরু হয়েছে। এ পাসপোর্ট বিতরণ করা হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন শুরু করেছে। ফলে এ দিন থেকেই হাতে-লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে না। তবে যেসব হাতে-লেখা পাসপোর্ট এখনো চালু আছে, তা নবায়ন করা যাবে। জরুরি প্রয়োজন হলে এক হাজার টাকা ফি দিয়ে এক বছর মেয়াদি পাসপোর্ট নেওয়া যাবে।পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সদস্যদেশগুলোকে দ্রুত যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও ভিসা (এমআরভি) কার্যক্রম শুরু করতে হবে। তাই বাংলাদেশেও দ্রুত এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাসের ১৮ তারিখে অন্যান্য এলাকায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। এ বিষয়ে ২০০৯ সালের মার্চ মাসে একনেকে মোট ২৮৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। পরে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার ক্রয়-সংক্রান্ত বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কাজ পেয়েছে মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আইরিশ। এ কোম্পানির সঙ্গে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি একটি চুক্তি স্বাক্ষর করা হয়।