যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের জন্য যা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক বছর মেয়াদি জরুরি পাসপোর্ট ব্যতীত গত ১ এপ্রিল থেকে হাতে লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এখন থেকে সবাইকে যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিড্যাবল বা এমআরপি) পাসপোর্ট দেওয়া হবে। তবে আগের হাতে লেখা পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় সেটি দিয়ে বিদেশে ভ্রমণ করা যাবে।’গতকাল বুধবার পাসপোর্ট অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা আঞ্চলিক অফিসে ১ এপ্রিল থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসীদের এমআরপির আবেদন গ্রহণ ও নিবন্ধন শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ এপ্রিলের আগে যাঁরা আবেদন করেছেন, কিন্তু পাসপোর্ট দেওয়া হয়নি, তাঁদের ফি সমন্বয় করে পুনরায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।এমআরপির জন্য করণীয় বিষয়: আবেদনের জন্য নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট থেকে বা অনলাইনে www.dip.gov.bd./ থেকে দুই কপি নতুন (এমআরপি) ফরম সংগ্রহ করতে হবে। বাংলাদেশ পাসপোর্ট আইন অনুযায়ী যাদের ক্ষেত্রে পুলিশ তদন্ত বাধ্যতামূলক নয়, তারা দুটির বদলে একটি ফরমে আবেদন করতে পারবেন।প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিটি ফরমের নির্ধারিত স্থানে একটি পাসপোর্ট সাইজের (৫.৫ সে.মি.×৪.৫ সে. মি.) ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের ওপর ছবি লাগানোর পর ছবির ওপর সত্যায়ন করতে হবে। এমনভাবে সত্যায়ন করতে হবে, যাতে কিছু অংশ ছবির ওপরে ও কিছু অংশ ফরমের ওপর পড়ে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সত্যায়িত অনুলিপি (ফটোকপি) সংযুক্ত করতে হবে। এরপর সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় পাসপোর্টের নির্ধারিত ফি জমা দিয়ে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন ফরমটি জমা দিতে হবে। ১৫ বছরের কম বয়সের আবেদনকারীর ক্ষেত্রে মাতা-পিতার ছবি উভয় ফরমে সংযুুক্ত করে সত্যায়ন করতে হবে।এমআরপির জন্য আবেদনপত্র গ্রহণের সময় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়গুলোতে আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষর নেওয়া হবে। এই প্রক্রিয়ার পর তাঁকে বিতরণ কুপন দেওয়া হবে, যার ওপর পাসপোর্ট দেওয়ার সম্ভাব্য তারিখ থাকবে। এই তারিখে আবেদনকারীকে সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি। বিস্তারিত প্রথম আলো ওয়েবসাইটে দেখুন (www.prothom-alo.com)