প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে কর্মকর্তারা
যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের ফি দেড় গুণ করা হচ্ছে
যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) পাসপোর্টের ফি হাতে লেখা পাসপোর্টের দেড় গুণ করা হচ্ছে। এখন থেকে সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা এবং জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা লাগবে। গতকাল বুধবার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে কর্মকর্তারা স্বীকার করেছেন, ফি বাড়লেও পাসপোর্ট পেতে সাধারণ মানুষের ঝক্কি কমছে না। তাঁরা এ প্রকল্পের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন নেওয়া আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে আগারগাঁও পাসপোর্ট ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ ও ‘ইন্ট্রোডিউসিং অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রসচিব বলেন, হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে কিংবা প্রবাসীদের দেশে ফেরার সময় বিভিন্ন বিমানবন্দরে নানা ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) শর্ত অনুসারে সরকার এমআরপি চালু করছে। আইসিএওর নীতিমালা অনুযায়ী এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালুর বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য আজ ১ এপ্রিল থেকে শুধু ঢাকায় এমআরপির আবেদনপত্র বিতরণ করা শুরু হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে আরও ১০টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। পাসপোর্ট বিতরণ শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। তিনি বলেন, পরবর্তী সময়ে আরও ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে এই পাসপোর্ট ও আবেদনপত্র সরবরাহ করা হবে। ২০১৫ সাল পর্যন্ত যাঁদের পাসপোর্টের মেয়াদ রয়েছে তাঁদের এখনই এমআরপি করাতে হবে না। কারও বিশেষ প্রয়োজন হলে বর্তমানে প্রচলিত পাসপোর্ট এক হাজার টাকা ফি দিয়ে এক বছর মেয়াদের জন্য নিতে পারবেন। স্বরাষ্ট্রসচিব বলেন, এমআরপি ও এমআরভির (যন্ত্রে পাঠযোগ্য ভিসা) জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে। সবুজ, নীল ও লাল—এই তিন শ্রেণীর যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসার ফি প্রস্তাব করা হয়েছে তিন হাজার টাকা। জরুরি পাসপোর্টের জন্য ফি হবে ছয় হাজার টাকা। বর্তমানে হাতে লেখা পাসপোর্টের ফি সাধারণ দুই হাজার এবং জরুরি তিন হাজার টাকা। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম পর্যায়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, যশোর ও গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে এমআরপির আবেদন নেওয়া হবে। সাধারণ মানুষ আগের মতোই অনলাইন থেকে বিনামূল্যে ফরম ডাউনলোড করতে পারবে। আগের পাসপোর্টের ফরমের চেয়ে এ ফরম কিছুটা ভিন্ন। এক প্রশ্নের জবাবে প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েতুল্লাহ বলেন, নতুন পাসপোর্টের নমুনা ৪০০ বন্দরে পাঠাতে হবে। এতে এই পাসপোর্ট কার্যকর হতে এক মাস সময় লাগবে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে এটি কার্যকর হয়ে যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের জন্য বিশেষ যে পাসপোর্ট ছিল তা আর থাকছে না। পাসপোর্ট ফি বাড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, সব কিছুরই দাম বাড়ছে, তা হলে পাসপোর্টের ফি বাড়বে না কেন। ডিজিটাল হলেই দাম কমে যাবে, এ ধারণা ঠিক নয়। এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, এ নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তবে প্রকল্প পরিচালক বলেন, ‘এতে কোনো দুর্নীতি হয়নি। আমরা কাজের ব্যাপারে স্বচ্ছ আছি।’ রাজনৈতিক চাপে সরকারের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না। মুখে মুখে অভিযোগ করে লাভ নেই।’ আইরিশ নামের মালয়েশিয়ার যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে প্রকল্প পরিচালক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, এ প্রতিষ্ঠান কোথাও নিষিদ্ধ হয়নি।’ সংবাদ সম্মেলনে আইরিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।