যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের সুবিধা নেই, জনদুর্ভোগ
সিলেট বিভাগের অন্য তিন জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ ও পাসপোর্ট দেওয়া হলেও প্রবাসী-অধ্যুষিত সুনামগঞ্জ জেলার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত। সিলেটে গিয়ে আবেদন জমা, ছবি তোলা এবং পাসপোর্ট আনায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে জেলাবাসীকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুন মাস থেকে সুনামগঞ্জে পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। চলে ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত। তখন কোনো ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পেতেন লোকজন। এতে সময় ও অর্থ দুই-ই কম লাগত। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে শুধু পাসপোর্ট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে চার-পাঁচ শ পাসপোর্টের আবেদন জমা নেওয়া হতো। বন্ধ হওয়ার আগে সর্বশেষ ২০১১ সালের মার্চ মাসে এখান থেকে সাধারণ ২০৩টি এবং জরুরি ৩০৯টি পাসপোর্ট দেওয়া হয়েছে। এর পরও সুনামগঞ্জে এমআরপির আবেদন গ্রহণের সুযোগ রাখা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সুনামগঞ্জ জেলার বহু লোক প্রবাসী। তাই এখান থেকে পাসপোর্টের আবেদন পড়ে বেশি। অথচ এমআরপি চালু হওয়ার পর এখানে সেই সুযোগ রাখা হয়নি। কিছুদিন এখানে সাধারণ পাসপোর্ট নবায়নের আবেদন রাখা হলেও এখন সেটিও বন্ধ। নতুন পাসপোর্ট করতে প্রথম দিন সিলেট গিয়ে শুধু আবেদন জমা দিতে হয়। পরে আরেক দিন যাওয়া লাগে ছবি তুলতে। এরপর আরেকবার যেতে হয় নতুন পাসপোর্ট আনতে। কিন্তু এই তিন দিনেও কাজ হয় না।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবু নাসের জানান, সুনামগঞ্জে ১১টি উপজেলা। প্রবাসী বেশি। প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনকে জেলা শহরে এসে তারপর সিলেটে যেতে হয়। এটা মহাভোগান্তির ব্যাপার। এর পরও নির্ধারিত দিনে পাসপোর্ট আনতে গেলে বলা হয় পুলিশ সনদ আসেনি। রয়েছে দালাল চক্রের ঝামেলা। তিনি বলেন, সুনামগঞ্জে দ্রুত মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট দেওয়ার সুযোগ দেওয়া দরকার। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর বলেন, ‘আমার জানামতে আবেদন জমা, ছবি তোলা কিংবা পাসপোর্ট আনার জন্য সুনামগঞ্জ থেকে সিলেটে গিয়ে সকালে লম্বা সারিতে দাঁড়াতে হয়। এক দিনের কাজে দু-তিন দিন সময় লাগে। সিলেট বিভাগের অন্য জেলাগুলোতে এই সুযোগ আছে, কিন্তু সুনামগঞ্জে কেন রাখা হয়নি?’ নাম প্রকাশে অনিচ্ছুক সুনামগঞ্জের একটি ট্র্যাভেল এজেন্সির মালিক বলেন, সুনামগঞ্জে এটা (এমআরপি) চালু না হওয়ার পেছনে সিলেট পাসপোর্ট কার্যালয়ের কিছু কর্মকর্তা ও একটি দালাল চক্র জড়িত। কারণ, এখান থেকে এমআরপি দেওয়া হলে সেখানে তাঁদের পাসপোর্ট-বাণিজ্যে ভাটা পড়বে। জেলা পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এমআরপির কার্যক্রম শুরুর বিষয়ে এক বছর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেটির কোনো অগ্রগতি নেই। এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখানে এমআরপির সুযোগ না থাকায় মানুষজনের ভোগান্তি হচ্ছে, এটা ঠিক। আমরা চিঠি দেওয়ার পর বলা হয়েছিল জায়গা লাগবে। পরে জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমরা কাজ শুরু করতে চাই। কিন্তু এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে রকম কিছু আমাদের জানায়নি।’