যন্ত্রের বদলে খালি বাক্স, তদন্ত কমিটি গঠন
জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যন্ত্রের বদলে খালি বাক্স সরবরাহের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বুধবার সন্ধ্যার দিকে পুরানা পল্টনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের লোকজন কোটি টাকার অটোক্লেভ যন্ত্র (যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র) হূদরোগ ইনস্টিটিউটে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার হাসপাতালের সার্ভে কমিটির তিন সদস্য, বিশেষজ্ঞ কমিটির দুই সদস্য ও ভান্ডাররক্ষক বাক্স খুলে যন্ত্র দেখার উদ্যোগ নেন। তাঁরা বাক্সের এক পাশ খুলে দেখেন, ভেতরে কোনো যন্ত্র নেই। শুক্রবার ‘প্রথম আলো’ পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মেসার্স হাসান এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হিসেবে অটোক্লেভ যন্ত্র সরবরাহের কাজ পায়। তারা খালি বাক্স পাঠানোর স্বীকারোক্তি দিয়েছে ফ্যাক্সে। এ বিষয়ে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক আফজালুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতারণার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। মেসার্স হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে দাপ্তরিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।