যন্ত্রের বিনোদন কেড়ে নিচ্ছে শিশুর অনুভূতি

নয় বছর বয়সী এক শিশু মায়ের কাছে আবদার জুড়ে দিল, ‘আমি কোনো দিন ওয়াইন খাইনি, ওয়াইন খেতে চাই।’
শিশুপুত্রের অনাকাঙ্ক্ষিত আবদারে মায়ের তো ভিরমি খাওয়ার জোগাড়। বলে কী ছেলে—আর কিছু নয়, মদ খেতে চায়! মা জানতে চাইলেন, ‘ওয়াইন শব্দটা তুমি পেলে কোথায়? ’
মায়ের প্রশ্নে ঢঙে একটু ঘাবড়ে গেল ছেলে। সে ভয়ে ভয়ে বলল, ‘আমি তো রাম খেতে চাইনি। ওয়াইন খেতে চেয়েছি। রাম ভালো না। ওয়াইন ভালো। ওয়াইন হচ্ছে আঙুরের জুস।’
মা তো একেবারে বেকুব। এত সব ছেলে জানল কী করে? তিনি জিজ্ঞেস করলেন, ‘এসব খবর তুমি পেলে কোথায়? ’
‘টিভিতে।’
‘কোন টিভি? ’
‘টিভিতে একটা মুভি দেখেছি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান। কার্টুনেও দেখেছি। এখন আমাকে ওয়াইন এনে দাও।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুপুত্রের এমন আবদার নিয়ে মুশকিলে পড়ার কথা এক কর্মজীবী মা এভাবেই বর্ণনা করেছেন।
শুধু এই মা নন, আজকাল অভিভাবক, মনোবিজ্ঞানী, শিক্ষক, গবেষকসহ অনেকেই শিশুদের অতিরিক্ত টেলিভিশন দেখা, মুঠোফোন নিয়ে সময় কাটানো, ভিডিও গেম বা ফেসবুকে বুঁদ হয়ে থাকা নিয়ে উদ্বিগ্ন।
এ ধরনের অলস বিনোদনে শিশুরা শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। বিভিন্ন ধরনের যন্ত্রের বিনোদনের নেতিবাচক প্রভাবে শিশুদের স্বাভাবিক ও সুষ্ঠু মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। সঠিক বয়সে পৌঁছার আগেই তারা শিখে ফেলছে বড়দের বিষয়গুলো। কচিমনে এসব বিষয় বিরূপ প্রভাব ফেলছে। আবেগ–অনুভূতি, মায়া–মমতা থেকে দূরে সরে যাচ্ছে তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শহর, এমনকি গ্রামের শিশুদের সামনে সময় কাটানোর শিশুতোষ আয়োজন ও ব্যবস্থা কমে যাচ্ছে। খেলার মাঠের স্বল্পতা, যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠা, কর্মজীবী বাবা মায়ের ব্যস্ততা, স্কুল, কোচিং—এসব কেড়ে নিচ্ছে শিশুর সুস্থ বিনোদনের সুযোগ।
পড়াশোনা ও স্কুলের ফাঁকে শিশুরা, বিশেষ করে শহরের ছেলেমেয়েরা যে সময়টুকু পায়, এতে প্রযুক্তি নির্ভর সহজলভ্য বিনোদনের দিকে ঝুঁকে পড়ছে। ঘরে বসে তারা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখছে। অথচ শিশুতোষ অনুষ্ঠান তেমন নেই বললেই চলে। সারাক্ষণ বড়দের অনুষ্ঠানে প্রেম-ভালোবাসা, যৌনতা, সহিংসতা দেখতে দেখতে শিশুদের মনে তা বিরূপ প্রভাব ফেলছে। শিশুরা কী করে অবসর কাটাবে, এটা নিয়েও একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অভিভাবকেরা তাই এ সমস্যাটা জেনেও হাল ছেড়ে দিয়েছেন।
মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ মনোবিজ্ঞানী নার্সিস রহমান প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির খুব বেশি বয়স হয়নি। ম্যাচুরিটি আসেনি এখনো। আমাকে সে বলছে, আন্টি, যেকোনো একজনের সঙ্গে আমার রিলেশন না হলে বন্ধুদের কাছে মুখ দেখাতে পারব না।’
নার্সিস রহমান জানালেন, নিউরোলজিক্যাল সমস্যা থাক বা না থাক, টেলিভিশনে বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষা শুনে তারা কথা বলার ক্ষেত্রে দ্বিধার মধ্যে পড়ে যায়। অনেক শিশু দেরিতে কথা বলা শুরু করে। অটিজম শিশুর ক্ষেত্রে শুধু টেলিভিশন নয়, সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার একদম নিষিদ্ধ করে দেওয়া হয়। কেননা তারা এসব বিষয়ে বেশি মগ্ন হয়ে যায়।
ধানমন্ডির বাসিন্দা সুরাইয়া বেগম বলেন, ‘সমস্যা জানি। কিন্তু আমার ছেলে মেয়ে দুটো বাসায় করবেটাই বা কী? খেলতে বললে বলে, “আমরা কী খেলব? ” আমরা ছোট বেলায় কত খেলা খেলতাম। ওরা এসব খেলার নামও জানে না, নিয়মও জানে না। বিরক্ত করতে থাকলে নিজেরাই অনেক সময় মেয়েকে বলি, “যাও টেলিভিশন দেখো। ” ছেলেটা এখন বড় হয়েছে। টেলিভিশনের নেশা এখন কমেছে। তবে সারাক্ষণই কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর ফেসবুকে সময় কাটাচ্ছে।’
২০০৭ সালে ‘রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি অ্যামাং আরবান স্কুল চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস ইন বালাদেশ: আ কেস কন্ট্রোল স্টাডি’ শীর্ষক গবেষণায় ধানমন্ডি, মোহাম্মদপুর ও সিদ্ধেশ্বরীর সাতটি নামকরা স্কুলের শিশুদের ওপর জরিপ চালানো হয়। দেখা গেছে, এই সব স্কুলের শিশুরা দিনে চার ঘণ্টা পর্যন্ত টেলিভিশন দেখছে। একই গবেষণায় উল্লেখ করা হয়েছে, ১০ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা টেলিভিশনের পাশাপাশি ভিডিও গেম বা কমপিউটারে বেশি সময় কাটাচ্ছে। এভাবে সময় কাটানোর সঙ্গে শিশুদের ওভারওয়েট বা মুটিয়ে যাওয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, পাঁচ থেকে ১০ বছর বয়সী শিশুদের দিনে অন্ততপক্ষে ৬০ মিনিট খেলাধুলা বা অন্যান্য শারীরিক কসরত করতে হবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহার, শিশুর অভ্যাস, খেলাধুলার সুযোগ, বইপড়াসহ শিশুরা কীভাবে সময় কাটাচ্ছে এবং তার প্রভাব কেমন, তা নিয়ে একটি গবেষণা করে। ২০০৭ সালের নভেম্বরেপ্রকাশিত ‘টেলিভিশনের নেতিবাচক প্রভাব ও আমাদের শিশু’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, ৪৮ ভাগ শিশুর অবসর কাটে টেলিভিশন দেখে। অভিভাবকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ শতাংশ শিশু দিনে গড়ে চার ঘণ্টা বা এর বেশি সময় টেলিভিশন দেখে। ৬৭ ভাগ শিশুর বাড়ির কাছাকাছি খেলাধুলার কোনো সুযোগ নেই। ২৯ শতাংশই জানায়, তারা কোনো ধরনের খেলাধুলা করে না। এ গবেষণায় ঢাকা মহানগরের বিভিন্ন স্কুলের সাত থেকে ১৬ বছর বয়সীদের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করা হয়। এতে আবদ্ধ প্রশ্নপত্রের ভিত্তিতে এক হাজার ৫৬টি নমুনা জরিপ করা হয়।
ডব্লিউবিবি ট্রাস্টের গবেষণায় বলা হয়েছে, টেলিভিশনে বড়দের অনুষ্ঠানগুলো শিশুদের মনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এর মাধ্যমে যে সময়টুকু নষ্ট হচ্ছে, ওই সময়ে খেলাধুলাসহ অন্যান্য কাজ করতে পারত। টেলিভিশন দেখা ছাড়া যে সময়টুকু শিশুরা অন্যভাবে কাটায়, তখন শিশুরা বিরক্ত থাকে। যেটুকু খেলা খেলে, তা থাকে সন্ত্রাসনির্ভর। শিশুরা কী খাবে, তাও নিয়ন্ত্রণ করছে টেলিভিশন। চিপস, চকলেটের বিজ্ঞাপন দেখে শিশুরা শাকসবজিসহ অন্য খাবার খেতে চাইছে না। রাত জেগে টেলিভিশন দেখার ফলে রাতের ঘুম হচ্ছে না। পরের দিন স্কুলে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। শিশুদের কল্পনা শক্তি কমে যাচ্ছে। অন্যের সঙ্গে সামাজিক যোগাযোগও করতে পারে না।
শিশুদের কল্যাণে যা করণীয়: শিশুরা যাতে টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ে বেশি সময় না কাটায়, এর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা জরুরি।
শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের লেখক দলের সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী প্রথম আলোকে বলেন, শিশুরা বেশি সময় নিয়ে টেলিভিশন দেখছে। কিন্তু দেশের বেশির ভাগ টেলিভিশন চ্যানেল শিশুতোষ অনুষ্ঠান বানানোর ব্যাপারে উদাসীন। সিসিমপুর, মীনা কার্টুন, শিল্পী মোস্তফা মনোয়ারের পাপেট শোর মতো অনুষ্ঠানের সংখ্যা খুব কম। এখনকার আধুনিক বাচ্চারা আসলেই কোন ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করে, তা নিয়েও কোনো গবেষণা হয়নি। শিশুদের টেলিভিশন দেখার পরিমাণ কমাতে হবে। যতক্ষণ তার টিভি দেখে, এতে শিশুদের নির্মল বিনোদন পাওয়ার মতো অনুষ্ঠান ও শিক্ষণীয় প্রোগ্রাম রাখতে হবে।
মনোবিজ্ঞানী নার্সিস রহমানের মতে, শিশুরা টেলিভিশন কতক্ষণ দেখবে, তা নির্দিষ্ট করে দিতে হবে। টেলিভিশনে কী দেখছে, তা-ও মনিটরি করতে হবে। শিশু যাতে বেশি সময় টেলিভিশন বা অন্য কোনো কিছু নিয়ে সময় না কাটায়, এ জন্য বাবা-মাকে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তাদের সঙ্গে খেলতে হবে। লুডু বা অন্য কোনো খেলা, গল্পের বই পড়ার মতো অভ্যাসগুলো করাতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু একাডেমির গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আখতার বলেন, শিশুদের হাতের কাছে বিকল্প থাকলে তারা কিন্তু টেলিভিশন বা অন্য কিছু নিয়ে সময় কাটায় না। একাডেমির গ্রন্থাগারে বই পড়া, খুদে লেখক তৈরি, বাংলা বানান ও শুদ্ধ আচরণ শেখা, শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালাসহ বিভিন্ন কর্মশালায় শিশুদের ব্যাপক আগ্রহ দেখা যায়।