যমজ তিন শিশুর দুজনের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের সেই যমজ তিন শিশুর দুজনের গতকাল মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, অপর শিশুটি সুস্থ আছে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার দুপুরে ওই তিন শিশুর জন্ম দেন ভাঙ্গামোড় গ্রামের আকাশ মিয়ার স্ত্রী পাপিয়া বেগম (২৫)। শিশুদের ওজন কম থাকায় ওই দিন বিকেলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আবার উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত রোববার সকালে সেখানকার চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসা খরচের আর্থিক সামর্থ৵ না থাকায় রোববার বিকেলে ওই শিশুদের উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামে নানার বাড়িতে নিয়ে যান আত্মীয়স্বজনেরা। নানাবাড়িতে গতকাল মঙ্গলবার সকালে যমজ তিন শিশুর দুজনের মৃত্যু হয়।