যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুরে যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তারের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকারের। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুরে যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তারের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকারের। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তারের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকারের। ব্যতিক্রমী এ ঘটনার সাক্ষী হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামের মানুষ।

গত শুক্রবার তৃণা আক্তারের সঙ্গে লিমন সরকারের আর তৃষা আক্তারের সঙ্গে রিপন সরকারের বিয়ে হয়েছে। শালিয়াকান্দায় তৃণা ও তৃষাদের বাড়িতে এ বিয়ে হয়।

তৃণা আক্তার (২০) ও তৃষা আক্তার (২০) শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। আর লিমন সরকার (২৪) ও রিপন সরকার (২৪) তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদীর ছেলে। বিয়ের পরদিন শনিবার বউভাত হয় বরদের বাড়িতে। দুটি অনুষ্ঠানেই ভিড় ছিল বিপুলসংখ্যক মানুষের।

রেজাউল করিম ও তাঁর স্ত্রীর ইচ্ছা ছিল, ছেলেদের একসঙ্গে এক দিনে এক অনুষ্ঠানে বিয়ে দেবেন। তবে একসঙ্গে যে যমজ মেয়ে পাবেন, তেমনটা তাঁরা ভাবেননি।

বিয়ের আসরে যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকার। ছবি: সংগৃহীত
বিয়ের আসরে যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকার। ছবি: সংগৃহীত

যমজ কনে বাছাইয়ের বিষয়ে লিমন ও রিপন সরকারের বাবা রেজাউল করিম জানান, এক আত্মীয়ের মাধ্যমে ছেলেদের জন্য যমজ পাত্রীর সন্ধান পান তিনি। এরপর খোঁজখবর নিয়ে পাত্রীদের পরিবারের কাছে প্রস্তাব পাঠান। একপর্যায়ে আলাপ-আলোচনায় বিয়ের দিন ঠিক হয়ে যায়।

বিয়ের আসরে যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তার। ছবি: সংগৃহীত
বিয়ের আসরে যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তার। ছবি: সংগৃহীত

কনেদের বাবা হাবিবুর রহমান জানান, বিয়ের প্রস্তাব পাওয়ার পর মেয়েদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা সম্মতি দেওয়ায় বিয়ে সম্পন্ন হয়েছে। দাওয়াত ছাড়াও অনেকেই এসেছেন বর-কনেদের একসঙ্গে দেখতে। বিয়েতে অনেক মেহমান আসেন বিরল এ বিয়েতে শরিক হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে।