যমজ শিশুরা পেল উপহার ও সহায়তা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার পর আলোচিত যমজ শিশু এখলাস হোসেন ও ইয়াসিন হোসেনকে খেলনাসামগ্রী উপহার দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া তাদের লালন-পালনে নগদ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
আজ বুধবার শিশু দুটির বাবা-মা কাওছার হোসেন ও রুনা আক্তারের কাছে এই উপহার ও সহায়তা তুলে দেওয়া হয়।
২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন মোহাম্মদপুরের রুনা আক্তার। পরদিন রুনার যমজ শিশুর একটি ওই ওয়ার্ড থেকে চুরি হয়। চুরি হওয়া নবজাতকটিকে ২৮ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে গাজীপুরের বোর্ডবাজারসংলগ্ন একটি বাসা থেকে উদ্ধার করে র্যাব।
উদ্ধার হওয়া শিশুটিকে মা রুনা আক্তারের কোলে তুলে দেন র্যাবের কর্মকর্তারা। সন্তান ফিরে পাওয়ার পর সেখানেই তাদের নাম ঘোষণা করেন বাবা কাওছার। উদ্ধার হওয়া নবজাতকের নাম রাখা হয় এখলাস হোসেন, অন্যজনের নাম ইয়াসিন হোসেন। তাঁরা বলেন, তাঁদের স্বপ্ন—বড় হয়ে এক শিশু সাংবাদিক হবে, অন্যজন হবে র্যাব।
ওই দুই শিশুর জন্য খেলনাসামগ্রী ও নগদ অর্থ দিতে আজ তাদের বাবা-মাকে নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, যমজ দুই সন্তানের বাবা একজন নিরাপত্তাকর্মী ছিলেন। একটি সন্তান চুরি হওয়ার পর ছোটাছুটি করতে গিয়ে তাঁর চাকরিটি চলে গেছে। দুই সন্তান লালন-পালনের কথা বিবেচনা করে বাবা-মাকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া যমজ শিশু দুটিকে ভবিষ্যতে মানুষ হিসেবে গড়ে তুলতে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, জনবল কম থাকা সত্ত্বেও শিশু চুরির মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাসপাতাল থেকে ভাসমান আয়াদের বের করে দেওয়া হয়েছে।
চুরি হওয়া সন্তান উদ্ধারে সহায়তার জন্য কাওছার-রুনা দম্পতি সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই সন্তানকে গড়ে তুলতে সবাই সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।