যমুনা অয়েলের চার কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতি না মেনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিলের ২৭ কোটি ২০ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করার ঘটনায় চারজনের বিরুদ্ধে চট্টগ্রামের শ্রম আদালতে ফৌজদারি মামলা হয়েছে।
চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতে গতকাল মঙ্গলবার মামলা করেন প্রতিষ্ঠানের চাঁদপুর ডিপোর নিরাপত্তারক্ষী মো. জেবল হোসেন। দ্বিতীয় শ্রম আদালতের বিচারক কাজী শাহিদা নিগার মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
সূত্র জানায়, যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক হাবিবুল মুহিত, সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম, কাজী মো. ফিরোজ উদ্দিন ও মো. সেকান্দরকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে বাদী শ্রম আইন ২০০৬-এর ২৩৫(২), ২৪০(১১), ২৪২(১) ও ২৪৮ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ আনেন, যা ফৌজদারি অপরাধের শামিল। আসামি চারজনই যমুনা অয়েল কোম্পানির শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিল তদারকের জন্য গঠিত ট্রাস্টির সদস্য।
জেবল হোসেন বলেন, ‘যমুনা অয়েল কোম্পানির কল্যাণ তহবিলের ২৭ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হওয়ায় কোটি কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এ জন্য ট্রাস্টির চার সদস্য দায়ী। তদন্ত কমিটিও ট্রাস্টিকে দায়ী করেছে। কিন্তু যমুনা অয়েল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই ট্রাস্টির চার সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছি।’
জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক ও ট্রাস্টির চেয়ারম্যান হাবিবুল মুহিত প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাই আমাদের বক্তব্য আদালতে তুলে ধরব।’