যমুনা অয়েলের ছয় কর্মকর্তাসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
যমুনা অয়েল, বিআরটিএসহ তিন প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে গতকাল সোমবার পৃথক ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট ১৯ জনের বিরুদ্ধে পৃথকভাবে ক্ষমতার অপব্যবহার, রাজস্ব ক্ষতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।ভুয়া কার্যাদেশ দিয়ে পরস্পর যোগসাজশে সাত কোটি ৯৪ লাখ সাত হাজার টাকা মূল্যের বিটুমিন খোলাবাজারে বিক্রি করার অভিযোগে জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ১০টি মামলা করে দুদক। চট্টগ্রামের ডবলমুরিং থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন: যমুনা অয়েলের উপমহাব্যবস্থাপক (যন্ত্র) মাহিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. মাসুদ করিম, সহকারী মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. খসর আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (কারিগরি সেবা) মো. সবুর খান, বিক্রয় বিভাগের দুই উপব্যবস্থাপক মো. আমজাদ হোসেন ও মো. ইউসুফ খন্দকার। তাঁরা বিটুমিন বরাদ্দ কমিটির সদস্য।অন্য আসামিরা হলেন যমুনা অয়েল কোম্পানির ঠিকাদার। অর্থ পাচার মামলা: বিদেশে অর্থ পাচারের অভিযোগে গতকাল চট্টগ্রামের বন্দর থানায় আরেকটি মামলা করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। মামলার আসামিদের বিরুদ্ধে পুরোনো বিএমডব্লিউ ও অডি গাড়ি, আমদানি-নিষিদ্ধ ফটোকপিয়ার মেশিন, টিভিসহ বিভিন্ন মাল আমদানির মাধ্যমে এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকা সিঙ্গাপুরে তথা বিদেশে পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। বিআরটিএর বিরুদ্ধে দুই মামলা: রাজস্ব ক্ষতির অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুদক। গতকাল দুপুরে রাজধানীর কাফরুল থানায় মামলা দুটি করেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা। আসামিরা হলেন: বিআরটিএর দুই কর্মকর্তা পরিদর্শক সারওয়ার খান ও ফখরুল আমিন এবং গাড়ি আমদানিকারক মাহমুদুর রহমান।