যমুনা ইলেকট্রনিকস কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যমুনা ইলেকট্রনিকস কারখানায় গতকাল বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার শেডসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে তাঁদের ২০ হাজার ফ্রিজ, ছয় হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিকস কারখানায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। টিভি তৈরি সেকশনের ল্যাবের পাশের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন টিভি সেকশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুন লাগার আগেই কারখানা ছুটি হয়ে যায়।
কারখানার ভান্ডার ব্যবস্থাপক আবু ইউসুফ জানান, কারখানার ওই শেড ইস্পাতের তৈরি ছিল। সেখানে ২০ হাজার ফ্রিজ, ছয় হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।