যমুনা কারখানা থেকে ১৬ জেলায় সার পরিবহন বন্ধ
যমুনার তীব্র ভাঙনের মুখে জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের অংশবিশেষ তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ আশঙ্কায় গতকাল শনিবার দুপুর থেকে এলাকাবাসী মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এর ফলে যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সড়কপথে সার সরবরাহ বন্ধ হয়ে গেছে। সরিষাবাড়ীর বাসিন্দা, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ), উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যমুনা নদী এখন সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম তীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে। গতকাল ভোরে মহাসড়কের সরিষাবাড়ীর রাধানগর এলাকায় তীব্র নদীভাঙন দেখা দেয়। এতে স্থানীয় বাসিন্দারা দুপুর থেকে সড়কের ওপর কাঠের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এলাকাবাসী ও সওজের কর্মীরা বালুর বস্তা, ইট ও কাঠের গুঁড়ি ফেলে মহাসড়ক রক্ষায় কাজ করে যাচ্ছেন।
সার কারখানা সূত্র জানায়, কারখানার কমান্ড এরিয়ার ১৯টি জেলার মধ্যে উত্তরবঙ্গের ১৬ জেলায় ওই মহাসড়ক দিয়ে ট্রাকে করে সার পরিবহন করা হয়। ভাঙন থেকে মহাসড়কটি রক্ষা করা না গেলে ওই জেলাগুলোতে সড়কপথে সার পরিবহন দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইখলাছ উদ্দীন জানান, কারখানা থেকে অন্যান্য স্থানে সার সরবরাহ অব্যাহত থাকলেও মহাসড়ক বন্ধ থাকায় উত্তরবঙ্গের জেলাগুলোতে সার পরিবহন বন্ধ আছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, গতকাল দুপুর থেকে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬ জেলায় সার পরিবহন বন্ধ রয়েছে। জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম বলেন, ‘মহাসড়ক রক্ষায় এলাকাবাসীর সঙ্গে আমাদের লোকজন বালুর বস্তা ফেলে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।