জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে সালফিউরিক অ্যাসিড পাচারের চেষ্টার অভিযোগে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণের দাবিতে গতকাল সোমবার প্রজন্ম-৭১-এর উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রজন্ম-৭১-এর উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম। তিনি বলেন, গত শনিবার কারখানা থেকে তিন মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড পাচারের সময় কারখানার শ্রমিক-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা একটি ট্যাংকলরি আটক করে। দেশে নাশকতা চালানোর জন্য কারখানার এমডি মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় ওই অ্যাসিড বোমা তৈরিতে বিস্ফোরক হিসেবে ব্যবহারের জন্য জঙ্গিদের হাতে যাচ্ছিল। এমডিকে অপসারণসহ ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এমডি মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, অ্যাসিড পাচারের চেষ্টার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
কারখানা সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে কারখানায় ২১ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড সরবরাহ করে একটি ট্যাংকলরি কারখানার প্রধান ফটকের সামনে এসে দাঁড়ায়। এ সময় পরিমাপকালে লরিটিতে থাকা আরও তিন মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড ধরা পড়ে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, সালফিউরিক অ্যাসিড বোমা ও ককটেল তৈরিতে ব্যবহার করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রজন্ম-৭১-এর উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা এম এ লতিফ প্রমুখ।