যমুনা কারখানায় সার উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে আজ রোববার বিকেল থেকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় সার উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যেতে দু-তিন দিন সময় লাগতে পারে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা যায়, উপজেলা পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানায় আজ রোববার বিকেল চারটায় হঠাৎ অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি কমপ্রেসরে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এরপর থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানার জন্য ৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন সারের উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। রোববার বিকেল পর্যন্ত কারখানায় ৩ লাখ ২ হাজার ৪০০ শত মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে।