যমুনা গঙ্গা পদ্মার দুই পাড়ে ৪১ স্থানে ভাঙনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বর্ষায় ও বর্ষা মৌসুমের পর যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর দুই পাড়ে ৪১টি স্থানে ভাঙনের আশঙ্কা আছে। ভাঙনে দুই হাজার ২০০ হেক্টর জমি, ৩৩৮ হেক্টর বসতভিটা, ছয় কিলোমিটার বেড়িবাঁধ ও সাড়ে আট কিলোমিটার রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে আছে।সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) গবেষকেরা এই পূর্বাভাস দিয়েছেন। গতকাল রোববার ব্র্যাক সেন্টারে ২০১৩ সালে যমুনা, গঙ্গা ও পদ্মা নদী ভাঙনের পূর্বাভাসবিষয়ক সেমিনারে এ তথ্য দেওয়া হয়। সিইজিআইএস ও যমুনা-মেঘনা নদীভাঙন প্রতিরোধ প্রকল্প যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।এ বছরের ভাঙন নিয়ে উপস্থাপনায় সিইজিআইএসের জ্যেষ্ঠ কর্মকর্তা নাজনীন আখতার বলেন, প্রধান তিনটি নদীর ভাঙনে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি হাটবাজার, একটি সরকারি কার্যালয়, তিনটি এনজিও কার্যালয় ও চারটি স্বাস্থ্যকেন্দ্র বিলীন হওয়ার ঝুঁকিতে আছে।সেমিনারে জানানো হয়, সিইজিআইএসের বিজ্ঞানী ও গবেষকেরা ১০ বছর ধরে উপগ্রহের উপাত্ত বিশ্লেষণ করে নদীভাঙন নিয়ে এই পূর্বাভাস দিয়ে আসছেন। তবে সিইজিআইএসের এই বৈজ্ঞানিক তথ্য নীতিনির্ধারকেরা কাজে লাগাতে পারছেন না।অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী বলেন, এপ্রিলে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় তথ্য পেয়ে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তিনি সিইজিআইএসের গবেষকদের উদ্দেশে বলেন, সম্ভাব্য ভাঙনের তথ্য আড়াই বা তিন বছর আগে পেলে মন্ত্রণালয়ের পক্ষে প্রকল্প হাতে নেওয়া সম্ভব হতো।অনুষ্ঠানের প্রধান অতিথি ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, এই সরকার নদী খননকে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, নিয়মিত খনন নদীগর্ভে পলি জমা বন্ধ করবে, ভাঙনও হ্রাস পাবে।সেমিনারে দেওয়া কাগজপত্রে দেখা যায়, গত বছর এই প্রধান তিনটি নদীর ভাঙনে সাড়ে তিন হাজার ৬৯০ হেক্টর জমি, ৫৮৫ হেক্টর বসতভিটা, ২ দশমিক ৩ কিলোমিটার বেড়িবাঁধ এবং ৮ দশমিক ৭ কিলোমিটির রাস্তা নদীগর্ভে বিলীন হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যমুনা-মেঘনা নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের পরিচালক মো. আবদুল কুদ্দুস, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মো. ওয়াজি উল্লাহ ও উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাসচিব মো. আজিজুল হক।