যমুনা গিলছে বসতভিটা হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়নের তালুকদারপাড়ায় যমুনা নদীর এক কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত দেড় মাসে ভাঙনে এ এলাকার পাঁচ শতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙন অব্যাহত থাকায় চন্দনবাইশা বন্দর, চন্দনবাইশা ডিগ্রি কলেজ, নওখিলা পিএন উচ্চবিদ্যালয়, নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়েশা ওসমান বালিকা বিদ্যালয়, জনতা ব্যাংক ভবন ও চন্দনবাইশা বাজার হুমকির মুখে পড়েছে। ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসন গত বুধবার চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিলামে বিক্রি করে দিয়েছে।গত শুক্রবার সকালে চন্দনবাইশা এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার ভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। নদীর পারে তালুকদারপাড়ার বাসিন্দা আফছার আলীর সঙ্গে কথা হয়। তিনি নদীর দিকে আঙুল দেখিয়ে বলেন, তীর থেকে ১০০ গজ দূরে নদীর মধ্যে ওই স্থানে তাঁর বসতভিটায় টিনের একটি ঘর ছিল। তিন সপ্তাহ আগে তাঁর সেই বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়। কোনো রকমে তিনি ঘরের টিনের চালগুলো সরাতে পেরেছেন।তালুকদারপাড়ার নদীতীর সংরক্ষণ বাঁধের পাশের বাসিন্দা মনি দাস বলেন, গত ৭ জুলাই বাঁধ ভেঙে তাঁরসহ ২০০ পরিবারের বসতভিটা নদীতে চলে গেছে। কেউ ঘরের আসবাব সরাতে পেরেছে, কেউ পারেনি। এ এলাকায় ভাঙন দেখা দেওয়ায় তিন শতাধিক পরিবার বাঁধ, ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।এলাকাবাসী জানায়, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলেও নদীভাঙন ঠেকাতে পারছে না। ভাঙন অব্যাহত থাকায় চন্দনবাইশার ঘুঘুমারীসহ কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর, কর্নিবাড়ী, বড়ইকান্দি গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ কারণে এসব এলাকার অনেক পরিবার তাদের বসতঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। বাঁধ ভেঙে তালুকদারপাড়া গ্রামের লোকজনের ক্ষতির জন্য যমুনা পারের মানুষ পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করছে। তাদের অভিযোগ, শুকনো মৌসুমে সময়মতো নদীতীর সংরক্ষণের কাজ করা হলে বাঁধ ভেঙে স্থানীয় লোকজনের ক্ষতি হতো না। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে চন্দনবাইশার তালুকদারপাড়ায় ৫৩ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৮০০ মিটার এলাকায় তীর সংরক্ষণের কাজ করে পাউবো। অভিযোগ রয়েছে, তীর রক্ষার কাজ হওয়ার পর দীর্ঘ দুই বছরেও আর কোনো সংস্কারকাজ হয়নি।তালুকদারপাড়ার বাসিন্দা সাবেক শিক্ষক সাদত হোসেন অভিযোগ করেন, গত এক বছরে তালুকদারপাড়ায় তীর সংরক্ষণ এলাকার ৭০০ মিটার অংশ নদীতে ধসে গেছে। ওই সময় তীর সংরক্ষণ এলাকার নদীর তলদেশে কোথায় কী পরিমাণ গভীরতা বা খাদ সৃষ্টি হয়েছে—তা জানার জন্য জরিপ করা উচিত ছিল (ইকো সাউন্ডিং সার্ভে)। জরিপ অনুযায়ী সিসি ব্লক ও বালুর বস্তা ফেলা হলে অল্পতেই তীর সংরক্ষণকাজের ধস ঠেকানো যেত। পাউবোর বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, অর্থাভাবে তালুকদারপাড়ায় তীর সংরক্ষণের কাজের পর সংস্কারের উদ্যোগ নেওয়া যায়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার চিঠি লেখা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।