যমুনা গ্রুপের চেয়ারম্যানের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, তাঁর স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে করা একটি মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সর্দার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

২০০৪ সালের ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি করে।

মামলায় অভিযোগ করা হয়, মেসার্স ক্রাউন বেভারেজ লিমিটেড নামক কারখানায় মাদকদ্রব্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে অ্যালকোহল জাতীয় ক্রাউন ও হান্টার নামের এনার্জি ড্রিংক উৎপাদন করে বাজারজাত করা হতো। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় মামলাটি করা হয়। মামলায় আসামি করা হয় কারখানার পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপককে। কারখানার পরিচালক হলেন নুরুল ইসলাম বাবুল ও তাঁর স্ত্রী সালমা ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক তাঁদের ছেলে শামীম এবং মহাব্যবস্থাপক সুরুজ রহমান। তিনি বর্তমানে পলাতক।
এ মামলায় ২০০৪ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দেওয়া হয়। পরে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। এর জন্য দীর্ঘ দিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ ১১ বছর পর গত বছরের ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিট আবেদনটি খারিজ করে দেন এবং মামলার মূল নথি সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালতে পাঠানোর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ নিম্ন আদালতে বিচারকাজ শুরু হলো।