যমুনা গ্রুপের তিনজনের বিরুদ্ধে মামলা আমলেনিলেন আদালত
আয়কর ফাঁকির অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ তিনজন এবং গ্রুপের সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা সাতটি মামলা আমলে নিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মামলাগুলোর গ্রহণযোগ্যতার শুনানি নেন। পরে আদালত আগামী ২৭ জুন মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।২০ মে এনবিআর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলাগুলো করেন। মামলাগুলো করেন যথাক্রমে এনবিআরের উপ-কর কমিশনার আতাউল হক, জহিরুল ইসলাম ও দীপক কুমার চক্রবর্তী। বার্ষিক আয়কর বিবরণীতে হলফনামার মাধ্যমে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই মামলাগুলো করা হয়। মামলাগুলোতে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, তাঁর স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামকে আসামি করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো শামীম কম্পোজিট মিলস লিমিটেড, শামীম স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ওয়েলডিং ইলেকট্রোড লিমিটেড, যমুনা ডিস্টিলারি লিমিটেড, যমুনা স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও শামীম রোটর স্পিনিং মিলস লিমিটেড। এনবিআর মামলাগুলো গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।