যমুনা গ্রুপের বিরুদ্ধে এনবিআরের জিডি, তদন্তের নির্দেশ
যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং এই গ্রুপের পত্রিকা যুগান্তর-এর এক সাংবাদিকের বিরুদ্ধে করা জিডি তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
গত বুধবার এনবিআরের পক্ষে রমনা মডেল থানায় এ জিডি করেন দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) এ এইচ এম আবদুল করিম। গতকাল রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন তদন্তের আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আগামী ৭ জানুয়ারি তদন্ত বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে।
‘গত ২৯ অক্টোবর এবং ১, ১৮, ২৪ ও ৩০ নভেম্বর এবং ৭ ও ৯ ডিসেম্বর যুগান্তর পত্রিকায় এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে অমার্জিত ও শিষ্টাচারবিবর্জিত ভাষায় সম্পূর্ণ কাল্পনিক ও প্রতিহিংসামূলক সাতটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে সত্যকে বিকৃত করে তা প্রকাশ করা হয়েছে। এ ধরনের মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং এনবিআর ও এর চেয়ারম্যানকে হেয় করার হীন উদ্দেশ্য নিহিত আছে বলে জিডিতে বলা হয়।