যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলামের বিরুদ্ধে সাত মামলা
আয়কর ফাঁকির অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে এ মামলাগুলো করা হয়। আদালত মামলার নথি গ্রহণ করে ২৬ মে গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার জানান, যমুনা গ্রুপের বিরুদ্ধে এনবিআর বাদী হয়ে সাতটি মামলা করেছে। আদালত ২৬ মে মামলাগুলোর গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন শুনানির ওপর নির্ভর করছে মামলাগুলো গ্রহণ করা হবে কি না।
মামলাগুলো করেন যথাক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার আতাউল হক, জহিরুল ইসলাম ও দীপক কুমার চক্রবর্তী। বার্ষিক আয়কর বিবরণীতে হলফনামার মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিবরণী করার অভিযোগে এ মামলাগুলো করা হয়। মামলাগুলোতে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, তাঁর স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামকে আসামি করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো শামীম কম্পোজিট মিলস লিমিটেড, শামীম স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ওয়েলডিং ইলেকট্রোড লিমিটেড, যমুনা ডিস্টিলারি লিমিটেড, যমুনা স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও শামীম রোটর স্পিনিং মিলস লিমিটেড। এনবিআর মামলাগুলো গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।