যমুনা টিভির প্রতিবেদক ও উপস্থাপকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে বেসরকারি যমুনা টেলিভিশনের এক উপস্থাপক এবং প্রতিবেদকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-এ-এলাহীর আদালতে মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দুটি করা হয়।
দুটি মামলাতেই আসামি করা হয়েছে যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি’ অনুষ্ঠানের প্রতিবেদক সাজ্জাদ পারভেজ এবং অনুষ্ঠানের উপস্থাপক মীর আহসানকে। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী এবং রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদের পক্ষে তাঁর একান্ত সহকারী এনায়েতুর রহিম মানহানির মামলা করেন। আর তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে জানান, আদালত তথ্যপ্রযুক্তি আইনে করা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এ ছাড়া মানহানির মামলাটি গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
জানতে চাইলে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানের প্রতিবেদক সাজ্জাদ পারভেজ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রতিবেদনের অনুকূলে যাবতীয় কাগজপত্র রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদনটি করা হয়নি।
মামলার বাদী এনায়েতুর রহিম জানান, ৫ জুন ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানে বলা হয় রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্ক নির্মাণে ৩৫ কোটি টাকা জলবায়ু তহবিল থেকে ব্যয় করা হয়। কাজ না করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় হাছান মাহমুদের বিরুদ্ধে। বাস্তবে ওই প্রকল্পের অর্থ জলবায়ু তহবিল থেকে নয়, এসেছে রাজস্ব খাত থেকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একজন ভারতীয় ঠিকাদার কাজটি করেছেন।
বাদীর আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল জানান, আসামিরা উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানে ‘জলবায়ু তহবিলে নয়ছয়’ শিরোনামে কল্পনাপ্রসূত প্রতিবেদন প্রচার করেন। সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের মানহানি করতেই এই প্রতিবেদন প্রচার করা হয়েছে। তাই মানহানির মামলা করা হয়েছে।
আইনজীবীরা জানান, যমুনা টেলিভিশনের ওই অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনকে জড়িয়েও মিথ্যা প্রতিবেদন প্রচার করা হয়। সংস্থাটি জলবায়ু তহবিলের অর্থ নয়ছয় করেছে বলে প্রতিবেদনে বলা হয়।
বাদীর আইনজীবী নিখিল কুমার নাথ জানান, জলবায়ু তহবিলের জন্য সুখী বাংলা ফাউন্ডেশন কোনো আবেদনই করেনি। ফলে মিথ্যা প্রতিবেদন প্রচার করায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।