যমুনা টিভির সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বরাদ্দ বাতিল বৈধ
বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বরাদ্দ বাতিলের পদক্ষেপকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়কে যমুনা টিভি কর্তৃপক্ষের পুনঃঅনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত বেঞ্চ যমুনা টিভি কর্তৃপক্ষের রিটের রুল নিষ্পত্তি করে এ রায় দেন। এর আগে ১৩ মে নয় দিন রুলের ওপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ মে রায়ের দিন ধার্য করেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল মুরাদ রেজা, যমুনা টেলিভিশনের পক্ষে আইনজীবী রফিক-উল হক, আহসানুল করিম ও বিটিআরসির পক্ষে খন্দকার রেজা-ই-রাকিব শুনানি করেন।রায়ের পর অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম সাংবাদিকদের বলেন, সম্প্রচার ও তরঙ্গ বরাদ্দ বাতিলের সরকার তথা তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির আদেশের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষ রিট করে। আদালত রায়ে বলেছেন, চ্যানেলটির সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বরাদ্দ বাতিলের আদেশ সঠিক ও বৈধ। লাইসেন্স পাওয়ার জন্য ৮ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ে যমুনার করা পুনঃঅনাপত্তিপত্রটি নিষ্পত্তির কথাও বলা হয়েছে রায়ে। যমুনার কৌঁসুলি রফিক-উল হক প্রথম আলোকে বলেন, যমুনার পুনঃঅনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপিল করা উচিত। তাঁর কাছে পরামর্শ চাওয়া হলে তিনি আপিল করার কথা বলবেন। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে বলেন, ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার ও তরঙ্গ বরাদ্দ বাতিল করে। হাইকোর্ট রায়ে বলেছেন, এ দুটি সিদ্ধান্ত আইনগতভাবে বৈধ হয়েছে। তরঙ্গ বরাদ্দ ও বেতার যন্ত্রপাতির লাইসেন্স ছাড়া পরীক্ষামূলক সম্প্রচারে যাওয়া অবৈধ হয়েছে। এখন লাইসেন্স ছাড়া চ্যানেলটি সম্প্রচারে যেতে পারবে না।গত ১ নভেম্বর থেকে যমুনা টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। ১৯ নভেম্বর যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে যন্ত্রপাতি জব্দ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে চ্যানেল কর্তৃপক্ষ ২২ নভেম্বর হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানির পর ৭ ডিসেম্বর আদালত রুল জারি করেন। গতকাল রুল নিষ্পত্তি করে চূড়ান্ত রায় দেন আদালত।