যমুনা টেলিভিশনের অনিশ্চয়তা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা দ্রুত নিষ্পত্তি করে যমুনা টেলিভিশনের অনিশ্চয়তা দূর করার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও সংবাদকর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচিতে যমুনা টেলিভিশনের কয়েকশ কর্মী অংশ নেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের পূর্ব দিকের সচিবালয়মুখী সড়কের উৎসমুখ থেকে তা বিস্তৃত হয় পশ্চিমের গেট পর্যন্ত। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, গত কয়েক মাস ধরে নানা ধরনের প্রশিক্ষণ, গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যমুনা টেলিভিশনের কর্মীরা নিজেদের প্রস্তুত করে তুলেছেন। সব আইনি বাধা দূর করে ২৪ ঘণ্টার মধ্যে এই সংবাদ চ্যানেলটি চালু হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।মানববন্ধনের শেষের দিকে সংক্ষিপ্ত সমাবেশে যমুনা টেলিভিশনের বার্তা প্রধান নাজমুল আশরাফ বলেন, যমুনা টেলিভিশন সাত মাস আগে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। কিন্তু এক মাসের মাথায় বিটিআরসি সম্পূর্ণ বেআইনিভাবে তা বন্ধ করে দেয়।