যমুনা টেলিভিশনের মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা টেলিভিশনের সম্প্রচার বিষয়ে চলমান মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন টেলিভিশনটিতে কর্মরত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলছেন, যেহেতু আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে তাই রায় যদি বিপক্ষেও যায়, তাঁরা দ্রুত বিকল্প ভাবতে পারবেন। এখন তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে যমুনা টেলিভিশনের সাংবাদিক-কর্মকর্তারা। যমুনা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপন রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয়, টেলিভিশনটি বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানটির কয়েক শ কর্মীর বেকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মীরা মানববন্ধন করবেন বলে জানানো হয়। সুপন রায় বলেন, ‘আমরা চাই আদালতই যমুনা টিভির সংকট নিয়ে যথাযথ আইনি সমাধান দিক। আদালতের রায় নিশ্চয়ই আমরা সবাই মেনে নেব। দেশে গণতান্ত্রিক সরকার থাকার পরও যদি ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে আমরা যাব কোথায়? সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরও যদি আমাদের টিভি চ্যানেলটি আবার চালু না হয়, তখন আমরা নিশ্চয় বিকল্প খুঁজব। তবু এই অনিশ্চয়তা থেকে মুক্তি চাই আমরা। আমরা চাই উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করতে।’সংবাদ সম্মেলনে বলা হয়, আদালতের মাধ্যমে সংকটের সমাধান হবে—এই আশায় সাত মাস ধরে অপেক্ষা করছেন যমুনা টেলিভিশনের কর্মীরা। চ্যানেল চালু হওয়ার আশায় টেলিভিশন কর্তৃপক্ষ এখনো কর্মীদের বেতন দিয়ে যাচ্ছে। মালিকপক্ষ কত দিন এটা মেনে নেবে—এ নিয়ে কর্মীদের মধ্যে উৎকণ্ঠা আছে। এক প্রশ্নের জবাবে টেলিভিশনটির সংবাদ বিভাগের প্রধান নাজমূল আশরাফ বলেন, বিষয়টি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। তাঁদের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। এখন প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় আছেন তাঁরা।