নাটোরের নারদ নদে বর্জ্য ফেলে পরিবেশদূষণের অভিযোগে যমুনা ডিস্টিলারির চেয়ারম্যান নুরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির আট কর্মকর্তা, নাটোরের জেলা প্রশাসকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শহরের কান্দিভিটা এলাকার সিরাজুল ইসলাম ও তেবাড়িয়া উত্তরপাড়ার সাইফুল ইসলাম জনস্বার্থে গতকাল রোববার দুপুরে নাটোরের প্রথম যুগ্ম জেলা জজ ইশরাত জাহানের আদালতে মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন যমুনা ডিস্টিলারির ব্যবস্থাপনা পরিচালক শামসুল হাসান, পরিচালক সালমা ইসলাম, শামীম ইসলাম, রোজলীনা ইসলাম, মনিকা ইসলাম, রওশন আরা মাহবুব, মহাব্যবস্থাপক অশোক চক্রবর্তী ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক পরিচালক।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, যমুনা ডিস্টিলারি তাদের দূষিত বর্জ্য নাটোর শহরের ভেতর দিয়ে প্রবাহিত নারদ নদে ফেলায় এটি এখন দুর্গন্ধযুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরবাসীসহ নদের তীরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এটা এখন মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে।
পরিবেশবিদদের আশঙ্কা, নদের পানির মধ্যে একসময় প্রাণের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যমুনা ডিস্টিলারির অভিযুক্ত ব্যক্তিদের এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, এখতিয়ার-বহির্ভূত এবং তা মানব বসতির জন্য হুমকি সৃষ্টি করেছে।
শুনানি শেষে আদালত আগামী সাত দিনের মধ্যে দূষিত বর্জ্য নিক্ষেপ বন্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য যমুনা ডিস্টিলারির অভিযুক্ত আটজনকে নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক জাফর উল্লাহ বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলার কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যমুনা ডিস্টিলারির মহাব্যবস্থাপক অশোক চক্রবর্তী পরিবেশদূষণের অভিযোগ অস্বীকার করে বলেন, শুরুতে পরিবেশদূষণ হলেও ১৯৯৩ সালে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন হওয়ার পর আর পরিবেশদূষণ হচ্ছে না।