দীর্ঘদিন ধরে নদীদূষণ চালিয়ে যাওয়ায় গাজীপুর জেলার কোনাবাড়ীতে অবস্থিত মেসার্স যমুনা ডেনিম লিমিটেডক ৫২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শিল্পকারখানাটি বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) বন্ধ রেখে বিষাক্ত তরল বর্জ্য নালা দিয়ে তুরাগ নদে ফেলে আসছিল। এর মালিক যমুনা গ্রুপ। কারখানাটিকে পূর্ণাঙ্গভাবে ইটিপি চালুর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে কারখানার তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণ করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় মাত্র শূন্য দশমিক ৬৭ মিলিগ্রাম/লিটার। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তরল বর্জ্যে দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা ৪ দশমিক ৫ থেকে ৮ দশমিক শূন্য মিলিগ্রাম/লিটার। মুনীর চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এই কারখানাকে এর আগে ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের ফেব্রুয়ারিতে দূষণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরও ২০০৯ সালের অক্টোবর, ২০১০ সালের আগস্ট ও ২০১১ সালের আগস্টে এই কারখানার নির্গত পানি পরীক্ষা করে অগ্রহণযোগ্য মাত্রায় দ্রবীভূত অক্সিজেন পাওয়া গেছে।