যমুনা তেল ট্যাংকার নির্মাণ অর্ধশতাধিক গাছ কর্তন
বরিশালে যমুনা তেল কোম্পানির সীমানাপ্রাচীরের ভেতরে নতুন একটি তেল ট্যাংকার নির্মাণ করার লক্ষ্যে অর্ধশতাধিক শিশুগাছ কেটে ফেলা হয়েছে। এ জন্য পরিবেশ অধিদপ্তর বা বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি।গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরের বান্দরোড এলাকার যমুনা তেল কোম্পানির সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ১১৫টি শিশুগাছের মধ্যে ৫০টির বেশি কাটা হয়েছে। এ সময় খোঁজ নিয়ে জানা গেল, বাকি গাছগুলোও কেটে ফেলা হবে।যমুনা তেল কোম্পানি বরিশালের শ্রমিক মো. আল আমিন ও ডিপো সহকারী মো. হাসান বিন নেওয়াজ জানান, বড় তেলের ট্যাংকার নির্মাণের জন্য ১১৫টি গাছের মধ্যে ৫০টির মতো গাছ কাটা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কর্মরত কর্মকর্তা মো. শামসুল হক বলেন, ‘পরিবেশ ও বন বিভাগকে জানানো হয়নি। মূলত জনস্বার্থে এত বড় একটি কাজ হবে সে জন্য দুই-তিন বছর বয়সের ৪০টির মতো গাছ কাটা হয়েছে।’যমুনা তেল ডিপো বরিশালের ব্যবস্থাপক মো. সাঈদুর রহমান বলেন, বিভিন্ন সময় ডিজেল সংকট দেখা দেওয়ায় সরকার কমপক্ষে দুই মাসের ডিজেল মজুদ রাখার জন্য ৮৩ লাখ লিটার ধারণক্ষমতার তেল ট্যাংকার নির্মাণের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বরিশালে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিএমজি (ঢাকা) । তবে গাছ কাটা বিষয়ে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি।’বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. ফজলুল হক বলেন, ‘যমুনা তেল কোম্পানি বা কোনো ঠিকাদার আমাদের কাছে কোনো আবেদন করেনি এবং ছাড়পত্র নেয়নি।’বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা মো. এবাদুল হক বলেন, ‘সরকারি যেকোনো দপ্তরের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি প্রয়োজন। তবে যমুনা তেল কোম্পানির পক্ষ থেকে এ ধরনের কোনো আবেদন করা হয়নি।’