যমুনা নদীতে বেড়া দিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও জালের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিয়মনীতির তোয়াক্কা না করে এসব বেড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নৌ চলাচল ও মালামাল পরিবহনে ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলের মানুষ।
উপজেলা প্রশাসন ও কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী ও নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনা নদীর প্রায় ১৫টি স্থানে বেড়া দেওয়া হয়েছে। তেকানী, নিশ্চিন্তপুর ও নাটুয়াপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শাখা নদীর চরপানাগাড়ী এলাকার প্রায় দুই কিলোমিটারসহ খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা ও গোদারবাগ এলাকার নদীর মধ্যভাগে ১০ কিলোমিটার, নিশ্চিন্তপুর ইউনিয়নের জুমার খুকসিয়া ও জুমার খুকশিয়া চরদোরতা এলাকার চার কিলোমিটার, তেকানীর পার খুকশিয়ার এক কিলোমিটার দীর্ঘ বিল এলাকা, নাটুয়াপাড়ার চরনাটিপাড়া ও নাটুয়াপাড়া বাজারের উত্তর পাশ চরগ্রীস ও গুলমোর হতে চরনাটিপাড়া হাট পর্যন্ত এলাকাজুড়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাঁশ-জালের বেড়া দিয়েছেন।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত বছর জুমার খুকশিয়া এলাকার এক ব্যক্তি এভাবে মাছের চাষ শুরু করেন। এই মাছ চাষ লাভজনক হওয়ার খবর ছড়িয়ে পড়লে এ বছর নদীর ওই সব স্থানে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ চাষ শুরু করেছেন অন্যরা।
সরেজমিনে দেখা গেছে, পানাগাড়ী বাজার এলাকায় বেড়া থাকায় নৌকা চলাচল বন্ধ রয়েছে। বিস্তীর্ণ চর এলাকায় পাটের আবাদ করেছিলেন চাষিরা। কিন্তু পাশেই নদী থাকলেও পাট জাগ দিতে পারছেন না তাঁরা। চাষিরা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা ঘের এলাকায় পাট জাগ দিতে দিচ্ছেন না। স্থানীয় সাধারণ জেলেরা ঘেরে মাছও মারতে পারছেন না।
নাটুয়াপাড়া হাট এলাকার মাঝি কুতুব উদ্দীন জানান, ঘেরের ভেতর দিয়ে যেতে না দেওয়ায় তেকানীর সাতটি গ্রামের মানুষকে প্রায় আট কিলোমিটার নৌপথ ঘুরে হাটে যেতে হচ্ছে। নিশ্চিন্তপুর ইউনিয়নের জাজিরা বাজারের পূর্বপাশ দিয়ে প্রবহমান শাখা নদীর দুটি স্থানে বাঁধ দেওয়ায় পারদোরতা, চরদোরতা, চরনিশ্চিন্তপুর, ডিগ্রীদোরতা ও কাজল গ্রামের বাসিন্দাদেরও চলাচলে এ রকম সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে মালামাল পরিবহন নিয়ে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে।
চরাঞ্চলের বেশ কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ করার না শর্তে জানান, এভাবে মাছ চাষ একদিকে অবৈধ, অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
পানাগাড়ী এলাকার ঘেরে মাছচাষিদের প্রধান খুকশিয়া গ্রামের মুকুল মিয়া স্বীকার করেন, ‘এভাবে মাছ চাষ করার বিষয়ে আমরা কারও অনুমতি নেই নাই। আমরা ২২ জন মিলে এখানকার নদী তীরের জমির মালিকদের দুই আনা করে লভ্যাংশ দিয়ে মাছের চাষ করছি।’ নৌকা চলাচল ও পাট জাগের সমস্যা সম্পর্কে বলেন, ‘আমরা নৌকা এলে ঘেরের একপাশ দিয়ে সেটা যাওয়ার সুযোগ করে দিই। পাটের জাগ দিতেও কাউকে নিষেধ করা হয়নি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার বলেন, ‘বিষয়টি শুনেছি। এভাবে নদীতে বেড়া দিয়ে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন।
জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, নদী সবার জন্য উন্মুক্ত। নদীর গতিপথে বাধা এবং জনগণের অসুবিধা করে মাছ চাষ করার কোনো নিয়ম নেই। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।