যমুনা নদীতে স্পারে ভাঙন, পাউবোর কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বানিয়াজন স্পারের সংস্কারকাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারের ব্যবস্থাপককে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার স্পারের নতুন করে আরও ৮৫ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ায় এ ঘটনা ঘটে। বগুড়ার পাউবো সূত্রে জানা যায়, ১০ জুলাই স্পারের ১০০ মিটার অংশ নদীতে ধসে যায়। তখন পাউবোর কর্মকর্তারা জরুরিভাবে স্পারের মেরামতকাজ করতে আবদুল খালেক নামের এক ঠিকাদারকে দায়িত্ব দেন। মাত্র তিন দিন বালুভর্তি জিও ব্যাগ ফেলার পর ঠিকাদার স্পারের মেরামতকাজ বন্ধ করে দেন। গত দুই দিন যমুনার পানি বেড়ে গতকাল সকালে নতুন করে আবারও বানিয়াজন স্পারে ৮৫ মিটার ভেঙে নদীগর্ভে বিলীন হয় যায়। এ সময় গ্রামের মসজিদগুলো থেকে মাইক দিয়ে ভাঙনের সংবাদ প্রচার করা হয়। তখন যমুনাপারের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত নারী-পুরুষ ভাঙনস্থলে হাজির হন। তাঁরা ভাঙনের দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন।একপর্যায়ে পাউবোর উপসহকারী প্রকৌশলী কে জি মোস্তফা ও ঠিকাদারের ব্যবস্থাপক মনির হোসেনকে মারধর করে যমুনা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম জনগণের হামলা থেকে কে জি মোস্তফা ও মনির হোসেনকে উদ্ধার করেন। সংবাদ পেয়ে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সর্দার সিরাজুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম দুপুরে ঘটনাস্থলে যান। তাঁরা বিক্ষুব্ধ জনতার সঙ্গে পরামর্শ সাপেক্ষে পুনরায় স্পারের মেরামত শুরু করে দিয়েছেন।ইউপি চেয়ারম্যান আতিকুল করিম জানান, নদীভাঙনের দৃশ্য দেখে বিক্ষুব্ধ জনগণ এই মামলা করেছে।কে জি মোস্তফা বলেন, জনগণ ভুল বুঝে তাঁর ওপর হামলা করেছে।সর্দার সিরাজুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ সঠিক নয়। জরুরি কাজে এ রকম হয়েই থাকে।