উজান থেকে নেমে আসা জোয়ারের পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে এ দুটি উপজেলার শত শত বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় এক হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।পাউবো সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের কারণে এই পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কাজিপুর উপজেলার বিলচতল, মাইজবাড়ী, ঢেকুরিয়া ও পলাশপুর এবং সদর উপজেলার মোল্লাবাড়ী, বিয়ারা, কাটা ওয়াপদা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এ ছাড়াও নদীর তীরবর্তী আরও ২৫টি গ্রাম ভাঙনের হুমকির সম্মুুখীন হয়ে পড়েছে।গত মঙ্গলবার ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, কাজিপুর ও সদরের এই গ্রামের প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি পাকা ধানসহ নদীগর্ভে চলে গেছে। একই সঙ্গে ৫০০ বসতভিটা স্থাপনাসহ অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতভিটাসহ সর্বস্ব হারিয়ে পরিবারগুলো রাস্তার ধারে ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঘরবাড়ি তুলতে শুরু করেছে। কেউ খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে।কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান জানান, কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও পাউবো সময়মতো কাজ শুরু করে না। এ কারণে সরকারের কোটি কোটি টাকা জলে চলে যায়।জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, জোয়ারের পানির কারণে নদীতে প্রায় তিন ফুট পানি বেড়েছে। যে কারণে এ ভাঙন শুরু হয়েছে। বরাদ্দ না থাকায় এই ভাঙন রোধের জন্য কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।