যমুনা নদীর তীব্র ভাঙনে বাঁধে ধস
সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বালুঘুঘরী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস নেমেছে। নদীতে পানি বৃদ্ধির কারণে নতুন করে বাঁধে ধস এবং ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কারণে গত এক সপ্তাহে দেড় শতাধিক বসতভিটা ও কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে গেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের গাফিলতি এবং নদীর বালুঘুঘরী মোড় এলাকার একটি চ্যানেলের মুখ বন্ধ না করায় ভাঙন রোধ করা যাচ্ছে না। অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করে পাউবোর কর্মকর্তারা দাবি করেছেন, শিগগিরই ওই চ্যানেলের মুখ বন্ধ করে দেওয়া হবে।
পাউবোর সিরাজগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগ থেকে যমুনা নদীতে পানি বাড়া শুরু হয়। এতে সদরের ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার এলাকার উত্তরের স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ এলাকা বালুঘুঘরী হয়ে বাহুকা পর্যন্ত নদীর পশ্চিম তীরের তিন কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। গতকাল মঙ্গলবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০ মিটার ধসে গেছে। ভাঙনে অনেকের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত লোকজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বালুঘুঘরী ও পাঁচ ঠাকুরী গ্রামের লোকজন তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। অনেকেই বাঁধের ওপর ঘর তুলে মানবেতর জীবন যাপন করছে। নদীর পশ্চিম তীরেও ভাঙন চলছে। দুটি খননযন্ত্র খননের জন্য চ্যানেলের মুখে স্থাপন করে রাখা হলেও পাউবোর কোনো কর্মকর্তা-কর্মচারীকে সেখানে দেখা যায়নি।
স্থানীয় আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মির্জা মিজানুর রহমান বলেন, ‘নদীতে জেগে ওঠা চরটি কেটে চ্যানেলের মুখ বন্ধ করার জন্য পাউবো পদক্ষেপ নিলেও অজানা কারণে তারা সেটি করছে না। অহেতুক কাল ক্ষেপন করা হচ্ছে। মুখ বন্ধ করে দিলে ভাঙন দেখা দিত না। ভাঙন রোধে পাউবো কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।’
বালুঘুঘরী গ্রামের ইয়াকুব আলী জানান, তাঁদের গ্রামটি ধসে যাওয়া বাঁধের স্থান থেকে মাত্র ২০ ফুট দূরে। পানির স্রোত বৃদ্ধি পেলে আরও ভয়াবহ অবস্থা হবে। ধসে যাওয়া বাঁধের স্থানে মেরামতের কাজ শুরু করেনি পাউবো।
পাউবোর সিরাজগঞ্জ-১ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, খননযন্ত্র দুটিতে ত্রুটি দেখা দেওয়ায় সমস্যা হচ্ছে। সরবরাহকারী প্রতিষ্ঠানকে খবর দেওয়া হয়েছে। তারা এসে খননযন্ত্র মেরামত করার পর মাটি কাটার কাজ শুরু হবে। চ্যানেলের মুখ বন্ধ হলে ভাঙন রোধ হবে।