যমুনা নদীর দুর্গম চরে অজগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার স্থানীয় বাসিন্দারা গত বুধবার যমুনা নদীর দুর্গম চর থেকে একটি অজগর সাপ ধরেন। বন বিভাগের লোকজন পাঁচ দিন পরও অজগরটি নিয়ে যায়নি। সাপটি এক ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে।
উপজেলার চর বেলগাছা এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, গত বুধবার সকালে যমুনা নদীর চরে কয়েক ব্যক্তি কাশবন পরিষ্কার করছিলেন। এ সময় তাঁরা অজগরটি দেখতে পান। সাপটি প্রায় ১২ ফুট লম্বা। স্থানীয় লোকজন সাপটি মারার চেষ্টা করেন। এ সময় বেলগাছা গ্রামের বাসিন্দা ও কুলকান্দি সামছুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাপটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত লোকজন সাপটি দেখার জন্য ভিড় করছে। শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সাপটিকে মাছ, ব্যাঙ ও মুরগি খেতে দেওয়া হচ্ছে। সাপটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঢাকা বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, দ্রুত সাপটিকে উদ্ধার করা হবে। তারপর বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হবে।