যমুনা নদীর ভাঙনে গৃহহীন ৫০০ মানুষ

যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া ও গোবিন্দপুর গ্রাম। গতকাল সোমবার পর্যন্ত এক সপ্তাহে এ দুই গ্রামের অন্তত ৬৫টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ফলে গৃহহীন হয়ে পড়েছে প্রায় পাঁচ শ মানুষ। তারা বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। প্রবল বর্ষণের কারণে ভাঙন আরও বেড়েছে। গতকাল পর্যন্ত এক সপ্তাহে কানাইপাড়া ও গোবিন্দপুর গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, প্রায় ১৫০ বিঘার উঠতি পাটখেত, আবাদি জমি ও বহু গাছপালা নদীতে বিলীন হয়েছে।
গতকাল দুপুরে কানাইপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, যমুনার প্রবল ঢেউয়ে মাটি ভেঙে যাচ্ছে। গ্রামবাসীর অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। গ্রামবাসী বলেন, গত সাত দিনে ভাঙনের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনের বাড়ি নদীতে বিলীন হয়েছে। আরও কয়েকজনের বাড়ি বিলীন হওয়ার পথে। কৃষক আবদুল আজিজ (৫০) বলেন, ‘নদীভাঙনে আমার তিনটি ঘর ও এক বিঘা জমির পাটখেত বিলীন হয়ে গেছে। সরকারি জায়গায় ঘর তুলে আছি। ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ একই গ্রামের কলেজছাত্র জাকিরুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের একমাত্র ঈদগাহ মাঠ নিশ্চিহ্ন হয়েছে। এবার ঈদের নামাজ কোথায় পড়ব জানি না।’
গোবিন্দপুর গ্রামের কৃষক বাবলু মিয়া (৫০) আক্ষেপ করে বলেন, ‘নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকারের কাছে টাকাপয়সা চাই না। শুধু ভাঙনরোধে ব্যবস্থা নিক।’ একই গ্রামের রমিছা বেগম (৪৫) বলেন, ‘দুই মাস আগে হামারগেরে দুইটা ঘর, এ্যাক বিঘে জমির কোষ্টা (পাট) নদিত গেচে। তকন থাকি মানষের বাড়িত আচি।’ একই গ্রামের কৃষক জাফর আলী (৫০) বলেন, ‘দুই বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। পাটসহ সেই জমিও নিশ্চিহ্ন হয়ে গেছে।’
হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, দৈনিক গড়ে কানাইপাড়া গ্রামের চার-পাঁচ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে অল্প দিনের মধ্যে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, বারবার তাগাদা দেওয়ার পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হলদিয়া ইউনিয়নে ভাঙনরোধে বালুভর্তি জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে। এ ছাড়া সাঘাটা উপজেলার হলদিয়া, ভরতখালি এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে ভাঙনরোধে ২৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে ওই এলাকায় ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।